ভেলুয়ার দিঘি রক্ষার দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ভেলুয়ার দিঘি রক্ষার আহ্বান জানানো হয়েছে সরকারের কাছে।
জলাশয় ও জলাধার রক্ষা কমিটির উদ্যোগে গতকাল রোববার নগরের পাহাড়তলীতে ভেলুয়ার দিঘির সামনে আয়োজিত মানববন্ধন শেষে দখলমুক্ত ও জলাধার রক্ষার আবেদন জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, ভেলুয়ার দিঘি চট্টগ্রামের ঐতিহ্য। এটিকে সরকারিভাবে সংরক্ষণ করতে হবে। দিঘিকে ঘিরে সরকারিভাবে পর্যটন স্পট গড়ে তোলারও আহ্বান জানানো হয় সভায়।
সংগঠনের আহ্বায়ক কাউন্সিলর রেহানা কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি সুভাষ বড়ুয়া, চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরোপ্রধান চৌধুরী ফরিদ, সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম প্রমুখ।