
কক্সবাজার সমুদ্র উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসছে মৃত ডলফিন ও মা কচ্ছপ। এসব কচ্ছপ ও ডলফিনের শরীরে রয়েছে আঘাতের চিহ্ন।
স্থানীয় সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে টেকনাফের সেন্ট মার্টিন, শাহপরীর দ্বীপ, মহেশখালীয়াপাড়া, রাজারছড়া, শিলখালী ও বাহারছড়া; উখিয়ার ইনানী, পাটোয়ারটেক ও হিমছড়ি; কক্সবাজারের কলাতলি, সমিতিপাড়া ও নাজিরারটেক সৈকতে মৃত কচ্ছপ ও ডলফিন ভেসে আসছে। কিছু মৃত কচ্ছপ ও ডলফিন কুকুরে খেয়ে ফেলছে। আর কিছু পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে কক্সবাজার উপকূলে জেলেদের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছে অর্ধশতাধিক মা কচ্ছপ ও সাতটি ডলফিন। এ ছাড়া সৈকতে ডিম পাড়ার সময় কুকুরের আক্রমণে মারা গেছে অন্তত ১১টি কচ্ছপ।
গতকাল বুধবার সকালে সৈকতের নাজিরারটেক উপকূলে গিয়ে দেখা যায়, সৈকতে পড়ে আছে মৃত তিনটি কচ্ছপ ও একটি ডলফিন। সেগুলো নিয়ে টানাটানি করছে কুকুর।
স্থানীয় জেলে মনির আহমদ বলেন, গত মঙ্গলবার সকালেও জোয়ারের পানিতে চারটি মৃত কচ্ছপ ভেসে আসে। কচ্ছপগুলোর শরীরে আঘাতের চিহ্ন ছিল। সম্ভবত জালে আটকে যাওয়ার পর জেলেরা লাঠি দিয়ে পিটিয়ে কচ্ছপগুলোকে মেরে ফেলেছেন।
দুপুরে সৈকতের সমিতিপাড়া ও কলাতলী অংশেও তিনটি মৃত কচ্ছপ দেখা যায়। এ ছাড়া হিমছড়ি, ইনানী, বাহারছড়া, টেকনাফ, শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপের সৈকতেও মৃত কচ্ছপ ও ডলফিন ভেসে আসছে বলে খবর পাওয়া গেছে।
সকালে টেকনাফের মহেশখালীয়াপাড়ার সৈকতে দেখা যায়, ১২টি মৃত কচ্ছপ ও তিনটি ডলফিন পড়ে আছে। একেকটি ডলফিন লম্বায় পাঁচ ফুট ও ওজন এক মণের মতো হতে পারে। আর একটি কচ্ছপের ওজন হতে পারে ৩০ থেকে ৩৫ কেজি করে।
স্থানীয় লোকজন বলেন, গত সাত দিনে টেকনাফের সৈকতে অন্তত ৪৮টি মৃত কচ্ছপ ও ১০টি ডলফিন ভেসে আসে। এর মধ্যে কয়েকটি কুকুর খেয়ে ফেলে। অন্য মৃত কচ্ছপ ও ডলফিন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ বলেন, গত সাত দিনে দ্বীপের সৈকতে ৯টি মৃত কচ্ছপ ভেসে এসেছে।
টেকনাফের রাজারছড়ার জেলে আমির হোসেন বলেন, কচ্ছপ ও ডলফিন জালে আটকা পড়লে জাল ছিঁড়ে ফেলে। তাই জাল রক্ষার জন্য জেলেরা লাঠি বা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সেগুলো মেরে ফেলেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, প্রতিবছর ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কয়েক হাজার মা কচ্ছপ গভীর সমুদ্র থেকে ডিম পাড়তে উপকূলের বালুচরে আসে। কিন্তু উপকূলে পুঁতে রাখা জেলেদের জাল ও গভীর সাগরে ট্রলারের জালে আটকা পড়ে কচ্ছপ। তখন জেলেরা মা কচ্ছপগুলোকে পিটিয়ে মেরে ফেলেন।
জেলেরা বলেন, কচ্ছপ আটকা পড়লে সেই জালে আর মাছ ধরা পড়ে না, উপকূলের জেলের মধ্যে এমন কুসংস্কার চালু আছে। এই কুসংস্কারের কারণেও কচ্ছপ মেরে ফেলা হয়।
সৈকত ভ্রমণে আসা ঢাকার পর্যটক মুরাদ মাহমুদ ও নুরসত জাহান বলেন, সৈকতে কচ্ছপ ও ডলফিন পচে পড়ে থাকায় বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পর্যটকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, জালে আটকা পড়া কচ্ছপ ও ডলফিন না মেরে যাতে সাগরে ছেড়ে দেওয়া হয়, সে জন্য জেলেদের সচেতন করার কাজ চলছে।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী বলেন, জেলেদের নিষ্ঠুরতায় ব্যাপক হারে ডলফিন ও কচ্ছপের মৃত্যু ঘটায় পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. শাহ আলম বলেন, কচ্ছপ সমুদ্রের ময়লা-আবর্জনা খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।