ভেসে আসা লাশ উদ্ধার করল না পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলায় নদে গত বৃহস্পতিবার অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ ভেসে আসে। থানায় জানানোর পরও পুলিশ সেটি উদ্ধার করেনি। ময়নাতদন্ত, দাফন, খরচ ও ঝামেলা থেকে বাঁচতে পুলিশ লোক দিয়ে লাশটি বিলের দিকে ভাসিয়ে দেয় বলে অভিযোগ করেছে এলাকাবাসী।

স্থানীয় শাহাগোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর তিনি থানায় ফোন করেন। এরপর উপজেলার সীমানায় লাশটি প্রায় সাড়ে তিন ঘণ্টা থাকলেও পুলিশ উদ্ধার করেনি। ফলে লাশটি কার এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানা সম্ভব হলো না।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আত্রাই নদের মিরাপুর নামক স্থানে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লাশটি ভেসে থাকতে দেখেন এলাকাবাসী। তাঁরা বিষয়টি থানায় জানান। পরে সেটি শুঁটকিগাছা রাবার ড্যাম এলাকায় আটকে যায়। সেখানে পুলিশ এলেও লাশটি উদ্ধার না করে চলে যায়। এর ঘণ্টাখানেক পর লাশটি আত্রাই থানার পাশে সাহেবগঞ্জ এলাকায় আটকে থাকে। তখনো এলাকাবাসী থানায় খবর দেন।

আহসানগঞ্জ বাজার এলাকার লোকমান হাকিম ও সুব্রত সরকার বলেন, পুলিশ লাশটি উদ্ধার না করে এক ব্যক্তির মাধ্যমে বাঁশ দিয়ে ঠেলে আবার নদীতে ভাসিয়ে দেয়।

স্থানীয় করিম সরদার, ফরমান আলী, সাদেকুল ইসলামসহ কয়েকজন বলেন, লাশটি উদ্ধার না করে পুলিশ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। পুলিশের উচিত ছিল লাশটি উদ্ধার করে সরকারিভাবে দাফনের ব্যবস্থা করা।

জানতে চাইলে আত্রাই থানার ওসি মো. বদরুদ্দোজ্জা বলেন, পুলিশ ঘটনাস্থলে যেতে যেতে লাশটি চলনবিল এলাকায় ভেসে যায়।