
কক্সবাজারের সেন্ট মার্টিনে সাগরে গোসল করতে নেমে ঢাকার

আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ চার ছাত্রের মধ্যে দুজনের লাশ গতকাল বুধবার সকালে উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন শাহরিয়ার ইসলাম ওরফে নোমান ও এস এম গোলাম রহিম ওরফে বাপ্পী। ইশতিয়াক বিন মাহমুদ ও সাব্বির হাসানের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।
ওই দুজনের খবর পেতে অধীর অপেক্ষায় রয়েছে তাঁদের পরিবার। পরিবার দুটিতে নেমে এসেছে স্তব্ধতা।
গতকাল দুজনের লাশ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে। গত সোমবার সাগর থেকে মুমূর্ষু অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান মানফেজুল ইসলাম ওরফে ইভান (২৩) ও সাদ্দাম হোসেন ওরফে অঙ্কুর (২৩)।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সোয়া নয়টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর দিকের সৈকতে পুলিশ ফাঁড়ির পেছনে স্থানীয় লোকজন ভাসমান একটি লাশ দেখে। তারা খবর দিলে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা এসে লাশটি উদ্ধার করেন। এটি নোমানের লাশ বলে তাঁর বন্ধুরা শনাক্ত করেন।
বেলা সোয়া ১১টার দিকে সেন্ট মার্টিনের তিন কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় আরেকটি লাশ উদ্ধার করেন কোস্টগার্ডের সদস্যরা।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন প্রথম আলোকে বলেন, সেন্ট মার্টিনে আসা ওই বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেন। ফলে লাশ শনাক্ত করতে দেরি হয়। উদ্ধার করা লাশের ছবি তাঁর বন্ধুদের কাছে পাঠালে তাঁরা একটি লাশ নোমানের এবং পরনে গেঞ্জি ও সাদা প্যান্ট থাকায় অপর লাশটি বাপ্পীর বলে শনাক্ত করেন।
গোলাম রহিমের লাশ নিতে এসেছেন তাঁর মামা আশরাফুল হাবিব। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাপ্পী আমাদের মাঝে নেই, এটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে, সে আমাকে হাতছানি দিয়ে ডাকছে।’
দুটি লাশ উদ্ধারের খবর পেয়ে নিখোঁজ সাব্বির হাসানের চাচাতো ভাই আসিবুর রহমান দুপুরে ছুটে যান টেকনাফ স্থলবন্দরে। সেখানে আসিবুর বলেন, ‘সাব্বির আমার একমাত্র চাচাতো ভাই। সে গোসলে নেমে নিখোঁজ হয়েছে খবর পেয়ে আমাদের পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’
সেন্ট মার্টিন কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. শহিদ আল আহসান জানান, নোমান ও বাপ্পীর লাশ দুটি টেকনাফ স্থলবন্দর দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ইশতিয়াক ও সাব্বিরের সন্ধানে সাগরে অভিযান চলছে।
তিন ভাইয়ের মধ্যে বড় ইশতিয়াকের বাসা ঢাকার বাসাবোর মায়াকাননে। বাবা মাহমুদউল্লাহ গাজী ও মা দিল আফরোজ বেগম ছেলের খবরের প্রতীক্ষায় দুঃসহ সময় কাটাচ্ছেন, করছেন আহাজারি। গতকাল কান্নাজড়িত কণ্ঠে মাহমুদউল্লাহ বলেন, ‘ইশতিয়াককে নিয়েই আমার সব আশা। অথচ তিন দিন ধরে ছেলের খোঁজ পাচ্ছি না। জীবিত পাওয়ার আশা ছেড়ে দিয়েছি। লাশ পেলেও সান্ত্বনা পেতাম।’
আহ্ছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষার্থী স্নাতক চূড়ান্ত পরীক্ষা শেষে সোমবার সেন্ট মার্টিনে বেড়াতে আসেন। সেদিন বেলা দুইটার দিকে তাঁদের মধ্যে কয়েকজন সাগরে গোসল করতে নামলে নয়জন ভাটার টানে ভেসে যান। পাঁচজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁদের মধ্যে ইভান ও সাদ্দাম মারা যান।
সাদ্দামের বাসা ঢাকার তেজতুরী বাজারে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর লাশ ঢাকায় পৌঁছালে জানাজা শেষে মিরপুরে দাফন করা হয়।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ইভানের লাশ দাফন করা হয়। বিকেল চারটায় তাঁর লাশ পীরগঞ্জের বীরহলী গ্রামে পৌঁছালে অসংখ্য নারী-পুরুষ ভিড় করেন। ইভানের বাবা পীরগঞ্জের ব্যবসায়ী মকছেদুল আলম বলেন, ‘আমি ইভানকে বলেছিলাম, সেন্ট মার্টিনে গিয়ে যেন পানিতে না নামে। সে পানিতে নামেনি। কিন্তু তাদের কয়েকজন বন্ধু পানিতে ডুবে যাওয়ার উপক্রম হলে সে তাদের উদ্ধারের জন্য পানিতে নামে। কিন্তু শেষ পর্যন্ত সে ফিরল লাশ হয়ে।’
শিক্ষাসফরে যাওয়ার আগে অনুমতি নিতে হবে: সেন্ট মার্টিনে ছাত্র মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি গতকাল দুপুরে আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপাচার্য এম সফিউল্লাহসহ অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলেন।
সেখানে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এখন থেকে কোনো শিক্ষার্থী বা দলকে এ ধরনের শিক্ষাসফরে বা পিকনিকে যাওয়ার আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের অনুমতি নিতে হবে। সফর সম্পর্কে স্থানীয় প্রশাসনকে আগে থেকে জানাতে হবে। এ বিষয়ে শিগগিরই শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হবে।