ভেসে এল আরও এক লাশ
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এক রোহিঙ্গা নারীর লাশ ভেসে এসেছে। গতকাল সোমবারের এই নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার হয়েছে।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ভরাখালে মুখভাঙা এলাকায় গতকাল সোমবার ভোররাত চারটার দিকে নৌকাডুবির ঘটনাটি ঘটে।
গত রোববার রাত ১২টার দিকে মিয়ানমারের মংডুর শহরের দংখালী গ্রাম থেকে নৌকাটি ছেড়ে আসে। ওই নৌকায় ৬০-৬৫ জনের মতো রোহিঙ্গা ছিল। এদের মধ্যে প্রায় ৩০টি শিশু। নৌকাডুবির পর সাত শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে অনেকে।
গত ২৯ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও সাগরে রোহিঙ্গা বোঝাই ছোট-বড় ২৬টি নৌকাডুবির ঘটনায় ১৮৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৮৩ জন রোহিঙ্গা। অন্যজন বাংলাদেশি নৌকার মাঝি। রোহিঙ্গাদের লাশের মধ্যে ৯১টি শিশু, ৬৩ জন নারী ও ২৯ জন পুরুষ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আরও একটি নৌকাডুবির ঘটনায় আজ সকালে শাহপরীর দ্বীপ ভরাখালের উত্তরপাড়া এলাকায় জোয়ারের সঙ্গে এক নারীর লাশ ভেসে আসে। পরে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে পাঁচ শিশু ও সাতজন নারী।