
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনায় গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আর কোনো লাশ ভেসে ওঠেনি। তবে লাশের খোঁজ করছে পুলিশ ও কোস্টগার্ড৷ নিখোঁজ যাত্রীদের খোঁজে মেঘনায় ট্রলার নিয়ে বেড়াচ্ছেন অনেক স্বজন৷
স্থানীয় প্রশাসনের হিসাব অনুযায়ী, গতকাল পর্যন্ত সাতজন নিখোঁজ রয়েছেন। কিন্তু এ দুর্ঘটনায় লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।
গত বৃহস্পতিবার এমভি মিরাজ-৪ লঞ্চ ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বর যাওয়ার পথে গজারিয়া উপজেলার দৌলতপুরে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়৷ এ ঘটনায় ৫৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে৷
লঞ্চডুবির ঘটনায় সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি গতকাল বেলা সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে কমিটি৷ মেঘনার তীরে রাখা এমভি মিরাজ-৪ লঞ্চটি পরিদর্শন করে এর ফিটনেস আছে কি না দেখার জন্য এর নকশা ও কাঠামো মেপে দেখে।
তদন্ত কমিটির আহ্বায়ক সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সিরাজুল ইসলাম এবং তাঁর সঙ্গে অপর দুই সদস্য প্রধান পরিদর্শক শফিকুল ইসলাম ও নির্বাহী হাকিম মো. সাইফুল হাসান ছিলেন। কমিটির আহ্বায়ক সিরাজুল জানান, ‘লঞ্চ দুর্ঘটনার পর পর আমরাও এখানে ছিলাম। তবে ওই সময় লোকজন খুব উত্তেজিত ছিল বলে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করিনি। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় আমরা এসেছি।’
সেই টাকার ব্যাগটি উদ্ধার: শরীয়তপুর সদর উপজেলার আবদুর রাজ্জাক কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আসাদুজ্জামান মিন্টু (২৮)৷ বাড়ি উপজেলার বালাখানা গ্রামে৷ তঁাদের বাড়িতে পাকা মসজিদ নির্মাণ করা হচ্ছে। এ জন্য বড় ভাই মজিবুর রহমান তাঁকে দুই লাখ ৩৩ হাজার টাকা দেন৷ এ টাকা নিয়ে ওই লঞ্চে করে বাড়ি ফিরছিলেন আসাদুজ্জামান৷ লঞ্চটি ঝড়ের কবলে পড়ার বিষয়টি মুঠোফোনে বড় ভাইকে জানিয়েছিলেন তিনি। লঞ্চটি ডুবে যাচ্ছিল জানিয়ে তিনি আবার বড় ভাইকে বলেন, ‘লঞ্চের দ্বিতীয় তলার ৪ নম্বর কেবিনের ড্রয়ারে টাকার ব্যাগটি রেখে গেলাম। আমি যদি মরে যাই, তোমরা আমার লাশ ও টাকার ব্যাগটি উদ্ধার কোরো।’
গত শনিবার বিকেলে লঞ্চের দ্বিতীয় তলার ৪ নম্বর কেবিন থেকে আসাদুজ্জামানের মরদেহ ও টাকাভর্তি ব্যাগটি উদ্ধার করা হয়। রাতে তাঁর বাড়িতে মরদেহটি আনা হলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
নড়িয়া উপজেলার পাঁচক গ্রামের মুসা শেখ (২৩)। ঢাকায় বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার মিরাজ-৪ লঞ্চে করে বাড়ি ফিরছিলেন মুসা৷ লঞ্চটি ঝড়ের কবলে পড়ার আগে মুঠোফোনে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথা হয়৷ পরে তাঁর আর সন্ধান মেলেনি৷ স্বজনেরা তাঁর খোঁজে মেঘনা চষে বেড়াচ্ছেন৷ কিন্তু কোথাও সন্ধান পাওয়া যায়নি৷
দক্ষিণ চাকধ গ্রামের সজীব চৌকিদার (২৪) ৷ মধ্যপ্রাচ্য যাওয়ার জন্য ঢাকায় পাসপোর্ট জমা দিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁরও সন্ধান মেলেনি৷ পরিবারের সদস্যরা মেঘনা নদীতে ট্রলার নিয়ে তাঁর খোঁজ করছেন৷