ভেসে গেছে পাঁচ কোটি টাকার মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে পটুয়াখালীর পাঁচটি উপজেলার পুকুরসহ মাছের ঘেরগুলো থেকে পাঁচ কোটি টাকারও বেশি মাছ ভেসে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় কলাপাড়া উপজেলা।জেলা মৎস্য কার্যালয় জানায়, ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে ওই সময় নদী ও সাগরের পানি চার থেকে পাঁচ ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। জলোচ্ছ্বাসে প্লাবিত হয় পটুয়াখালীর সব উপকূলীয় এলাকা। এর মধ্যে কলাপাড়া উপজেলায় দেড় হাজার পুকুর ও চিংড়িঘের থেকে তিন কোটি ৬৮ লাখ টাকার মাছ ভেসে গেছে। গলাচিপার এক হাজার ৮০টি পুকুর ও ঘেরের চিংড়ি ভেসে যায়। এতে ক্ষতি হয় ৬৭ লাখ ৫০ হাজার টাকা। সদর উপজেলার ৫১০টি পুকুরের মাছ ভেসে গিয়ে ১৯ লাখ এক হাজার টাকা, দশমিনার ৫১২টি পুকুরের মাছ ভেসে ৫১ লাখ চার হাজার ৪৪০ টাকা এবং রাঙ্গাবালীর দুই হাজার পুকুর ও ঘেরের মাছ ভেসে গিয়ে ক্ষতি হয় এক লাখ তিন হাজার ৭২০ টাকা। সব মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ কোটি সাত লাখ চার হাজার ১৬০ টাকা।জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, মহাসেনে জেলার আটটির মধ্যে পাঁচটি উপজেলাতেই জলোচ্ছ্বাসে পুকুর ও চিংড়িঘের ভেসে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পাঁচ হাজার ৭৯০ জন মৎস্যচাষির তালিকা তৈরি করা হয়েছে। এ বিষয়ে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।