ভেসে গেছে প্রায় ছয় কোটি টাকার মাছ
বন্যায় রংপুরের তারাগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের ৪০টি গ্রামের প্রায় ১৭ হাজার মানুষ পানিবন্দী হয়েছে। ভেসে গেছে প্রায় ৫ কোটি ৮০ লাখ টাকার মাছ। পানিতে নিমজ্জিত হয়েছে ২ হাজার হেক্টর আমনখেত।
সরেজমিনে গতকাল রোববার দুপুরে উপজেলার পাতিলভাঙা, বালাপাড়া, পোড়াবাড়ি, শাহপাড়া, দোয়ালীপাড়া, চিকলীপাড়া, তেঁতুলতোলা, মানব মঙ্গল, কাঁচনা খামার, ইকরচালী, লক্ষ্মীপুর, ডাঙ্গাপাড়া, বরাতি, পাশারিপাড়া, মামুনপাড়া, তেলিপাড়া, রঘুনাথপুর, বস্তিপাড়া, নারায়ণজন, জলুবার, মাছুয়াপাড়া, পালপাড়া, সরকারপাড়া, ঘাটিয়ালপাড়া, জুম্মাপাড়া, মণ্ডলপাড়া, পাতাইপাড়া, হাড়িকাটা, রহিমাপুর মণ্ডলপাড়া ও ঘনিরামপুর গ্রাম ঘুরে দেখা গেছে, এসব গ্রামের মানুষ পানিবন্দী হয়ে আছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ২ হাজার ৪৫০টি পুকুর আছে। তথ্যানুযায়ী, এসব পুকুরের মধ্যে ১ হাজার ৪৭০টি পুকুর থেকে প্রায় ৫ কোটি ৮০ লাখ টাকার মাছ ভেসে গেছে।
আলমপুরের ইউপির সদস্য দেলওয়ার হোসেন বলেন, তিন দিনের বন্যায় তাঁর৭টি পুকুরের ৬ লাখ টাকার মাছ ভেসে গেছে। রহিমাপুর মণ্ডলপাড়া গ্রামের জিয়াউর রহমান বলেন, ‘চারটা পুকুরের ৫ লাখ টাকার মাছ সউগ ভাসি গেইছে।’ ঘনিরামপুর গ্রামের কৃষক জয়নাল আবেদীন বলেন, ‘মোর ৩ কোনা পুকুরের দেড় লাখ টাকার মাছ ভাসি গেইছে।’