ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বাড়িঘরের সঙ্গে ভেসে গেছে শিক্ষার্থীদের বইখাতা। এতে কক্সবাজারের কুতুবদিয়ার অনেক শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হয়ে গেছে।
গত বুধ ও বৃহস্পতিবার কুতুবদিয়ার বিভিন্ন গ্রামে গেলে অনেক শিক্ষার্থী অভিযোগ করে, ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি-রাস্তাঘাট বিলীনের খবর পত্রপত্রিকায় ফলাও করে প্রচার করা হচ্ছে। কিন্তু তাদের বইখাতা ভেসে যাওয়ার কথা কিংবা শিক্ষাজীবন নিয়ে এ পর্যন্ত কেউ লেখেনি। তারা বলল, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও বার্ষিক পরীক্ষা। কিন্তু তাদের পড়ালেখার বইখাতা নেই।
উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের অন্তত ১২টি গ্রাম ঘুরে দেখা যায়, জোয়ারের তোড়ে শত শত ঘরবাড়ির পাশাপাশি অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানও ভেঙে গেছে।
স্থানীয় ধুরুং ছমদিয়া আলিম মাদ্রাসার অষ্টম শেণির ছাত্রী তামান্না বেগম জানায়, ঘূর্ণিঝড়ে তাদের বাড়ি ভেঙে গেছে। জোয়ারের তোড়ে বইখাতাও ভেসে গেছে। গ্রামের ৯০ শতাংশ ঘরের একই অবস্থা। তাই বই ধার করে এনেও পড়ালেখা চালানো যাচ্ছে না। তামান্নার জিজ্ঞাসা, ‘তা হলে কি আমরা লেখাপড়া না করে ঘরে বসে থাকব?’
ইউনিয়নের মনছুর আলী হাজি পাড়ার আফাজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে পাঠদান বন্ধ। বিদ্যালয়ের নিচতলা কাদামাটিতে সয়লাব। স্কুলপড়ুয়া কিছু ছেলেমেয়ে সেখানে খেলাধুলা করছে। বেড়িবাঁধ ভেঙে এই বিদ্যালয়ের আশপাশের কয়েক শ ঘরবাড়ি ভেঙে গেছে। বিদ্যালয়টিও জোয়ার-ভাটার কবলে পড়েছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ফরিদা ইয়াছমিন বলল, ‘আগামী ২১ নভেম্বর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে। কিন্তু বইখাতা না থাকায় আমরা পড়তে পারছি না।’
চরধুরুং এলাকার উত্তরণ বিদ্যানিকেতন নিম্নমাধ্যমিক বিদ্যালয়, নয়াকাটা আজগরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছতরউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুছাসিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছতরউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়েও পাঠদান বন্ধ। এসব বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী বইখাতা হারিয়ে দিশেহারা।
ছতরউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, এই বিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থীর বইখাতা জোয়ারে ভেসে গেছে। নতুন বই পাওয়ারও লক্ষণ দেখা যাচ্ছে না।
এই ইউনিয়নে বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের শিক্ষা-সহায়তা কেন্দ্র (প্রাক্-প্রাথমিক স্কুল) আছে ৪৫টি। শিশু থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ানো হয় এসব কেন্দ্রে।
কোস্ট ট্রাস্টের সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী ফজলুল হক বলেন, জোয়ারের তোড়ে তাঁদের শিক্ষা-সহায়তা কেন্দ্রগুলো ভেঙে গেছে। এসব কেন্দ্রের ১ হাজার ৩৫০ শিশুর বইখাতা জোয়ারে ভেসে গেছে। ২২ মে থেকে তাদের পড়ালেখা বন্ধ। বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে তাঁরা নতুন করে কেন্দ্রগুলো নির্মাণ করছেন না। তাঁদের আশঙ্কা, ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে নতুন করে নির্মাণ করা কেন্দ্রগুলোও ভেঙে যেতে পারে।
উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী বলেন, এই ইউনিয়নে সরকারি-বেসরকারি স্কুলের প্রায় সাত হাজার শিক্ষার্থীর বইখাতা জোয়ারে ভেসে গেছে। অনেকের বই পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। পড়ালেখার জন্য শিক্ষার্থীরা বাজারে নতুন বই পাচ্ছে না। এ ব্যাপারে শিক্ষা বিভাগের সহযোগিতা চাওয়া হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ বলেন, ঘূর্ণিঝড়ে উপজেলার উত্তর ধুরুং, আলী আকবর ডেইল ও কৈয়ারবিল ইউনিয়নে ৩০টি সরকারি প্রাথমিক এবং ৯৫টি বেসরকারি প্রাথমিক ও প্রাক্-প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিদ্যালয়ের অন্তত ১০ হাজার শিক্ষার্থীর বইখাতা জোয়ারে ভেসে কিংবা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে। এসব শিক্ষার্থীর তালিকা করে নতুন বই সরবরাহের প্রস্তুতি চলছে। কিন্তু ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢোকায় বিদ্যালয়গুলোকে পাঠদানের উপযোগী করা যাচ্ছে না।