ভেসে গেছে সাঁকো, দুর্ভোগ
বর্ষার আগে নদী পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করে গ্রামবাসী। কিন্তু বর্ষা শুরু হতে এখনো অনেক সময় বাকি। তাই নৌকা সংগ্রহের উদ্যোগও এখনো নেওয়া হয়নি। কিন্তু এরই মধ্যে আগাম বৃষ্টিতে বেড়ে গেছে খাগড়াছড়ির চেঙ্গী নদীর পানি। পানির তোড়ে ভেসে গেছে নদীর ওপর নির্মিত সাঁকো। এতে নদী পারাপারে বিপাকে পড়েছে গ্রামবাসী।
গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে খাগড়াছড়ি শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া চেঙ্গী নদীর পানি বেড়ে গেছে।
স্থানীয় লোকজন জানান, শুকনো মৌসুমে চেঙ্গী নদীর পানি কম থাকে। তখন বাঁশের সাঁকো দিয়ে লোকজন নদী পারাপার হয়। বর্ষা শুরুর আগে গ্রামবাসী নিজেদের উদ্যোগে নৌকার ব্যবস্থা করে। এ বছর চৈত্রে আগাম বৃষ্টি হওয়ায় নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। পানির তোড়ে নদীর ওপর নির্মিত সাঁকো ভেসে গেছে। এতে নদী পারাপারে গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খাগড়াছড়ি সদর উপজেলায় মুনিগ্রাম, শিবমন্দির, গাছাবান, বাউড়াপাড়া, চেলাছড়া, পল্টনজয় পাড়া, বেলতলী পাড়া, দক্ষিণ গোলাবাড়ী ও গুড়াছড়ির ঘাটপাড়াবাসী।
শুকনো মৌসুমে নদী পারাপারের জন্য চেলাছড়াপাড়াবাসীর নির্মিত সাঁকোটি গত শুক্রবার রাতে ভেসে গেছে। সরেজমিনে দেখা যায়, ওই গ্রামের মানুষ কাপড় ভিজিয়ে নদী পার হতে বাধ্য হচ্ছে।
দক্ষিণ গোলাবাড়ীর বাসিন্দা নেউহ্লা মারমা জানান, নদী পারাপারের জন্য নৌকা কেনার উদ্যোগ নেওয়ার বিষয়টি তাঁরা এখনো ভাবতেই শুরু করেননি। এরই মধ্যে আগাম বৃষ্টিতে সাঁকো ভেসে গেছে। এতে মানুষ দুর্ভোগে পড়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনিক ত্রিপুরা বলেন, ‘সদর উপজেলার ১৫-১৬টি গ্রামের ঘাটে পারাপারের জন্য একটি করে নৌকার দরকার। এ বিষয়ে আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’