দুই দিনের টানা বর্ষণে যশোর জেলার সদর, কেশবপুর ও অভয়নগরের প্রায় সাড়ে ১২ হাজার মাছের ঘের ও পুকুর ভেসে গেছে। রেণু পোনা উৎপাদন অঞ্চল নামে খ্যাত যশোরের ‘চাঁচড়া’ এলাকার মা মাছের অন্তত ৫০০ পুকুর ভেসে গেছে। এ ছাড়া মাছের পোনা উৎপাদনের আরও হাজার খানেক পুকুর প্লাবিত হয়েছে। এতে রেণু পোনা উৎপাদনে ধস দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, যশোর শহরের উত্তরাংশের পানি যশোর-ঝিনাইদহ জাতীয় মহাসড়কের ওপর দিয়ে দক্ষিণের হরিণার বিল দিয়ে মুক্তেশ্বরী নদীতে নামছে। এ সড়কের দুই পাশে অন্তত ৩০টি হ্যাচারি রয়েছে। এসব হ্যাচারিতে রেণু পোনা উৎপাদনের জন্য ওই অঞ্চলে রয়েছে মা মাছের কয়েক শ পুকুর। দুই দিনের অতিবর্ষণে এসব পুকুর প্লাবিত হয়ে একাকার হয়ে গেছে। হ্যাচারির লোকজন পুকুরের সীমানায় জাল দিয়ে মাছ ঠেকানোর প্রাণান্ত চেষ্টা করছেন।
যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান তাঁর নিজের মাতৃ ফিস হ্যাচারিতে বসে বলেন, ‘এ বছর খরায় পুড়লাম আর বর্ষার পানিতে ডুবে মরলাম। দুই দিনের অতিবর্ষণে সব শেষ হয়ে গেল। নিজের ২০টি পুকুরের মধ্যে ১৮টি ভেসে গেছে, যার মধ্যে অন্তত চার হাজার মা মাছের আটটি পুকুর রয়েছে। জনতা ব্যাংক থেকে ৪০ লাখ টাকা ঋণ নিয়ে হ্যাচারিতে বিনিয়োগ করা আছে। এখন তো বিপদেই পড়ে গেলাম।’
ক্ষয়ক্ষতির ব্যাপারে জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের যশোর মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক বিশ্বজিৎ বৈরাগী বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। তবে ৭০ শতাংশ পুকুর ভেসে গেছে। এতে চাঁচড়া এলাকার ৩০টি ও গোটা জেলার অন্যান্য অঞ্চলের আরও ২০টিসহ মোট ৫০টি হ্যাচারির ব্যাপক ক্ষতি হয়েছে।
কেশবপুর: উপজেলার ২০টি গ্রামের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। যশোর-সাতক্ষীরা আঞ্চলিক সড়কের মধ্যকুল ও চিনাটোলা পালপাড়ায় পানি উঠে যাওয়ায় যেকোনো সময়ে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ১ হাজার ৮৩৮টি মাছের ঘের ও ১ হাজার ১০২টি পুকুর ভেসে গিয়ে ৪৭ কোটি ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অভয়নগর: উপজেলার অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেঙে গেছে দুই শতাধিক কাঁচা বাড়ি। ভেসে গেছে প্রায় আট হাজার মাছের ঘের ও পুকুর। তলিয়ে গেছে প্রায় দুই হাজার উঠতি আউশ ও সদ্য রোপণ করা আমন ধান।
গত মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিল। পানি উঠে গেছে অন্তত ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘উপজেলায় ১৭ হাজার ২২৭টি মাছের ঘের ও পুকুরের মধ্যে ৭ হাজার ৭৭০টি ভেসে গেছে। এতে প্রায় ১২০ কোটি টাকা ক্ষতি হয়েছে।’