অস্বাভাবিক জোয়ার ও কয়েক দিনের টানা বৃষ্টিতে বাগেরহাটের সদর ও মংলা উপজেলায় এক হাজার ২০০চিংড়িঘেরের মাছ ভেসে গেছে।
এ ছাড়া বৃষ্টির কারণে ৪৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ২০ হাজার মানুষের বসতঘরে পানি উঠেছে। বৃষ্টিতে সদর, কচুয়া, মোড়েলগঞ্জ, শরণখোলা উপজেলার প্রায় ৩০০ হেক্টরের আউশ ধানের বীজতলা তলিয়ে গেছে।
নদীতে পানির চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুটি পোল্ডারের বেড়িবাঁধের অন্তত ছয়টি স্থান মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এসব স্থান যেকোনো সময়ে ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গতকাল শুক্রবার সকালে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের রাধাবল্লভ গ্রামে গিয়ে দেখা যায়, শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঘরের সামনে পানি জমে রয়েছে। ঘর থেকে মানুষ বের হতে পারছে না। চুলায় পানি উঠে যাওয়ায় রান্না করা যাচ্ছে না। গ্রামের বিল্লাল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে অস্বাভাবিক জোয়ারের পানি বেড়িবাঁধ উপচে অন্তত দুই শতাধিক ঘের ভেসে গেছে।
বাগেরহাটের জেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, জোয়ারের পানিতে রাধাবল্লভ গ্রামের অল্প কিছু চিংড়িঘের ভেসে গেছে। আগামী তিন-চার দিন বৃষ্টি অব্যাহত থাকলে জেলার অনেক চিংড়ি ও সাদা মাছের ঘের ভেসে যাবে।
মংলা উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছয় দিনের বৃষ্টিতে উপজেলার মিঠেখালী, সাহেবের মেঠ, চাঁদপাই, ঠোটারডাঙ্গা, জয়খাঁ, বাঁশতলা, চিলা, হলদিবুনিয়াসহ আশপাশের এলাকার চিংড়ি মাছের সহস্রাধিক ঘের পানিতে ভেসে গেছে।
উপজেলার মিঠেখালী, সুন্দরবন, চাঁদপাই, চিলা, সোনাইলতলা ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায়, অধিকাংশ চিংড়িঘের ও পুকুর ভেসে গেছে। বসতঘর হাঁটুসমান পানিতে তলিয়ে আছে। অনেকে রান্না করতে পারছে না। গবাদিপশু, হাঁস-মুরগি নিয়ে সমস্যায় পড়েছে লোকজন।
উপজেলার সাহেবের মেঠ গ্রামের চিংড়ি চাষি মো. আলমগীর, বাঁশতলা গ্রামের সোহরাব শেখ, হলদিবুনিয়া গ্রামের মিলন ঘরামি জানান, সহায়তা না পাওয়ায় তাঁরা খুব কষ্টে দিন কাটাচ্ছেন। মাছ ভেসে যাওয়ায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ঘের মালিকেরা দাবি করেছেন।
মংলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব জানান, টানা ছয় দিনের বৃষ্টিতে এ এলাকার সাধারণ মানুষের খুব খারাপ অবস্থা। উপজেলার এক হাজারের বেশি চিংড়িঘের ও দুই হাজারের মতো পুকুর ভেসে গেছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘চিংড়িঘেরের ক্ষয়ক্ষতি ও মানুষের দুর্ভোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি ত্রাণ পাওয়া গেলে আমরা তা ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টন করতে পারব।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হীরেন্দ্রনাথ হাওলাদার জানান, কচুয়া, মোড়েলগঞ্জ, শরণখোলা ও বাগেরহাট সদর উপজেলার প্রায় তিন শ হেক্টর জমির আউশ ধানের বীজতলা বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে আছে।
পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান বলেন, ভৈরব নদের অস্বাভাবিক জোয়ারের পানি বেড়িবাঁধ উপচে রাধাবল্লভ গ্রামে ঢুতে পড়ায় বেশ কিছু বাড়িঘর ও মাছের ঘের প্লাবিত হয়েছে। বেড়িবাঁধের ৩৫/৩ পোল্ডারের সদর উপজেলার রাধাবল্লভ গ্রাম এলাকার এক কিলোমিটার অংশ উঁচু করার জন্য সেখানে মাটি ফেলা হয়েছে।