পটুয়াখালীতে তিন দিনের জোয়ারের জলোচ্ছ্বাসে ২১ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকার মাছ ভেসে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গলাচিপায় উপকূলীয় চরাঞ্চলে। সেখানে শুধু মাছের ঘেরগুলো থেকে ২০ কোটি টাকার চিড়িং ভেসে গেছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।জেলা মৎস্য কার্যালয় জানায়, সাগরে নিম্নচাপ ও পূর্ণিমার প্রভাবে নদী ও সাগরের পানি বাড়তে থাকে। ১৬, ১৭ ও ১৮ জুন জোয়ারের সময় পানি অস্বাভাবিকভাবে চার থেকে পাঁচ ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। জোয়ারের জলোচ্ছ্বাসে প্লাবিত হয় পটুয়াখালী সদরসহ জেলার উপকূলীয় এলাকা। গলাচিপা উপজেলায় ভেসে যায় ২০০টি পুকুর ও ঘের। বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে ৯০ দশমিক ৯০ টন, যার মূল্য এক কোটি টাকা এবং চিংড়ি ভেসে গেছে ২৬৬ টন, যার মূল্য ২০ কোটি টাকা। এ ছাড়া পটুয়াখালী সদর উপজেলায় ৪১৫টি পুকুরের মাছ ভেসে গিয়ে ২৪ লাখ ৬০ হাজার টাকা এবং দুমকি উপজেলায় ৫০০টি পুকুরের মাছ ভেসে ক্ষতি হয়েছে ৩২ লাখ টাকা। এ ছাড়া এই তিনটি উপজেলায় অবকাঠামোগত ক্ষতির পরিমাণ পাঁচ লাখ ৮০ হাজার টাকা। এতে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ২১ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা।জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, তিন দিন ধরে প্রতিদিন দুই দফায় জলোচ্ছ্বাসে জেলার সাতটি উপজেলার মধ্যে সদর, গলাচিপা ও দুমকি—এই তিনটি উপজেলার ঘের ও পুকুরের মাছ ভেসে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।