ভেসে গেল চার শতাধিক চিংড়ি ঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগরে আইলায় ক্ষতিগ্রস্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ার দেড় মাসের মাথায় আবার ভেঙে গেছে। নিম্নচাপে কপোতাক্ষ নদের পানি জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে দুই ফুট বেড়ে গিয়ে পাউবোর বাঁধের দুটি স্থান ভেঙে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে চার শতাধিক চিংড়ির ঘের।উপজেলার পাখিমার গ্রামের খোদা বক্স (৬০) ও শাহী আলী গাজী (৬৫) জানান, পদ্মপুকুরের সফিকুল ইসলামের বাড়ির পাশের ৩০০ ফুট ও কেদারবাজারসংলগ্ন আবুল মোল্যার বাড়ির পাশের ৬০০ ফুট রিং বাঁধ রোববার ভেঙে কপোতাক্ষের পানি লোকালয়ে ঢুকতে শুরু করে। একের পর এক গ্রাম প্লাবিত হয়ে সম্পূর্ণ ইউনিয়ন তলিয়ে গেছে। এক বছর পর পাউবোর বাঁধ নির্মাণ ও মেরামতের পর মাত্র কয়েক দিন আগে অনেকে তাদের বসতভিটায় ফিরে খুপড়িঘর নির্মাণ করে বসবাস করা শুরু করেছিল। রোববার আবার বাঁধ ভেঙে গ্রাম তলিয়ে যাওয়ায় সোমবার তারা আবার পাউবোর বাঁধের ওপর আশ্রয় নিতে শুরু করেছে।জেলা চিংড়ি চাষি সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, আইলায় চিংড়ি চাষিরা নিঃস্ব হয়ে পড়েছিলেন। বাঁধ নির্মাণ হওয়ায় অনেকে ব্যাংক কিংবা মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে আবার চিংড়ি চাষ শুরু করেছেন। অনেক ঘের থেকে এক সপ্তাহের মধ্যে চিংড়ি ধরা শুরু হতো। এ অবস্থায় চিংড়ি ঘের ভেসে যাওয়ায় তাঁদের কোথাও দাঁড়ানোর জায়গা থাকল না। পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, বাঁধ ভেঙে নতুন করে ইউনিয়নের ৩৭ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নতুন করে শুরু করা চার শতাধিক চিংড়ি ঘের ভেসে গেছে। এলাকাবাসীর অভিযোগ, পাউবোর ঠিকাদারেরা নিময়ানুযায়ী কাজ না করায় বাঁধ নির্মাণের কিছু দিন যেতে না যেতেই ভেঙে গেছে।এ বিষয়ে সাতক্ষীরা পাউবো-২ এর সেকশন কর্মকর্তা (এসও) রহুল কদ্দুস বলেন, নিম্নচাপের কারণে কপোতাক্ষের পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বৃদ্ধি পেয়েছে। ফলে স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধের কাজ অনেক স্থানে নিময়মাফিক হয়নি স্বীকার করে তিনি বলেন, কাজ দেখে নেওয়ার দায়িত্ব শুধু পাউবোর নয়, স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও গ্রামবাসীরও। একই বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাহবুদ্দিন আহমেদ জানান, স্বেচ্ছাশ্রমে স্থানীয় অধিবাসীরা বাঁধ নির্মাণের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। গতকাল বুধবার থেকে পাউবো ঠিকাদারদের মাধ্যমে কাজ শুরু করেছে। বাগেরহাটে ভেসে গেছে দুই শতাধিক মাছের ঘেরআমাদের বাগেরহাট প্রতিনিধি জানান, ভৈরব নদসংলগ্ন পাউবোর ৩৫/৩ নং পোল্ডারের বেড়িবাঁধ ভেঙে রাধাবল্লভ বিল প্লাবিত হয়ে দুই শতাধিক চিংড়ি ও সাদা মাছের ঘের ভেসে গেছে। এতে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে। গত শুক্রবার রাতে ঢুকে পড়া প্রবল জোয়ারের পানিতে ওই পোল্ডারের ভেতরে বসবাসকারী রাধাবল্লভ ও কাটুয়া গ্রামের দেড় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী বজলুর রশিদ জানান, ঈদের ছুটির মধ্যে শ্রমিকের ব্যবস্থা না করতে পারায় ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা যায়নি। সোমবার সকাল থেকে গ্রামবাসীর সহায়তায় পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীরা শ্রমিক নিয়ে ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কাজ শুরু করেছেন।