ভেসে চলা মানুষের ইফতার
সূর্যটা ক্রমেই হেলে পড়ছে পশ্চিমে। ঘড়ির কাঁটা সন্ধ্যা ছয়টা ছুঁইছুঁই। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে একে একে ছেড়ে যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলমুখী লঞ্চগুলো। এরই মধ্যে চলছে ইফতারের তোড়জোড়। কাশেম, জয়নালের মতো হকাররা ছোলা, মুড়ি, বেগুনি, পেঁয়াজু নিয়ে ছুটছেন এক লঞ্চ থেকে অন্য লঞ্চে।চোখে পড়ার মতো ভিড় এমভি ফ্লোটিলার ছাদে। প্রায় শখানেক লোক গাদাগাদি করে বসেছেন। ছোট ছোট দলে ভাগ হয়ে চলছে ইফতারির আয়োজন। কেউ একা আবার কেউ স্বজনদের নিয়ে ইফতার করছেন। এমভি ফ্লোটিলার ছাদ ছেড়ে দোতলা ও নিচতলায় নামতে ভিড়টা চোখে পড়ল আরও বেশি। এখানে ইফতারির আয়োজনেও ভিন্নতা। অনেককেই দেখা গেল বাড়ি থেকে নিয়ে এসেছেন ইফতারির নানা পদ।বেসরকারি একটি বাণিজ্যিক সংস্থার কর্মী ভোলার রতনগঞ্জের মোহাম্মদ শাহীন বাড়ি যাচ্ছেন ঈদের ছুটিতে। সঙ্গে থাকা দুই চাচাতো ভাইকে নিয়ে বেশ যত্ন করে মুড়ি মাখাচ্ছিলেন। প্রিয়জনকে দেখতে যাচ্ছেন, এই আনন্দে ভুলে গেছেন টিকিট না পাওয়ার কষ্ট। গল্প করতে করতে রাত পেরিয়ে যাবে, ভোরে দেখতে পাবেন প্রিয়মুখগুলো। তাই ছাদে গাদাগাদি করে বসার কষ্টটা আপাতত দূরে সরিয়ে রাখতে চান। তিনি জানালেন, ছাদে বসার জন্য তাঁকে দেড় শ টাকা ভাড়া গুণতে হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখার সময় চোখে পড়ল বাস টার্মিনালের চেয়ে কিছুটা ভিন্ন আবহের ইফতার। কেউ একা আবার কেউ স্বজনদের নিয়ে হকারের কাছ থেকে কেনা অথবা বাসা থেকে আনা খাবার নিয়ে ইফতার সারছেন। আবার লঞ্চের কর্মীদেরও দেখা গেল যাত্রীদের লঞ্চে ওঠার জন্য হাঁকডাকের ফাঁকে ফাঁকে আয়োজন করে চলেছেন ইফতারির। তাঁদের সে আয়োজনে আহামরি কিছু নেই। সেই রুটিনবাঁধা খেজুর, শরবত, ছোলা, মুড়ি, বেগুনি, পেঁয়াজু, কলা—এসব। কিন্তু আয়োজনে আছে বিশেষ একটা যত্ন। নদীপথে ভেসে চলা যাত্রীরা এভাবেই সেরে নিচ্ছেন তাঁদের ইফতার।