গুপ্তখালের পাশে ঝুঁকি নিয়ে গোসল করছেন পর্যটকেরা
ভেসে যাওয়া তরুণীকে উদ্ধার নিয়ে মারামারি, আহত ১১
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গতকাল সোমবার বেলা ১১টায় ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়া এক তরুণীকে (পর্যটক) উদ্ধারের ঘটনায় বহিরাগত কিছু উচ্ছৃঙ্খল তরুণের সঙ্গে ডুবুরিদের মারামারির ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন স্থানীয় রবি ও ইয়াছির লাইফ-গার্ড স্টেশনের উদ্ধারকর্মী বা ডুবুরি। আধা ঘণ্টা পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে ঢাকার মহাখালী থেকে ভ্রমণে আসা পর্যটক দম্পতি (নাম প্রকাশে অনিচ্ছুক স্বামী-স্ত্রী) সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামেন। সাগরে জোয়ার থাকলেও এই স্থানে গুপ্তখাল সৃষ্টির কারণে স্থানীয় ডুবুরিরা কূলে দাঁড়িয়ে গোসলে নামা পর্যটকদের নজরদারি করছিলেন। হঠাৎ তাঁরা দেখতে পান, বিশাল ঢেউয়ের তোড়ে এক তরুণী ভেসে যাচ্ছেন এবং মুহূর্তে ওই তরুণী সাগরের তলদেশে হারিয়ে যান। তখন স্বামীর চিৎ কারে স্থানীয় ইয়াছির লাইফ-গার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল ও রবি লাইফ-গার্ড স্টেশনের পরিচালক সৈয়দ নূরের নেতৃত্বে ছয়জন ডুবুরি সাগরে নেমে তল্লাশি অভিযান শুরু করেন। প্রায় ১০ মিনিট পর ডুবুরিরা গুপ্তখালের তলদেশ থেকে ওই তরুণীকে উদ্ধার করে নিয়ে আসেন। স্ত্রীর প্রাণ রক্ষার জন্য তরুণীর স্বামী ঘটনাস্থলে ডুবুরিদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।কিন্তু বহিরাগত উচ্ছৃঙ্খল ১০-১২ তরুণ পা ধরে ওই তরুণীকে টেনে আনার কৈফিয়ত চেয়ে ডুবুরিদের মারধর শুরু করেন। ডুবুরিদের পক্ষ নিয়ে স্থানীয় কয়েকজন ওই তরুণদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে রবি লাইফ-গার্ডের ডুবুরি সৈয়দ নূর (২৯), সালাহউদ্দিন (২৭), রিপন (২৪) ও ইয়াছির লাইফ-গার্ড স্টেশনের ডুবুরি মো. হোসেন (২৪), আকতার হোসেনসহ (২৪) ১১ জন আহত হন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) আদেল আকবর প্রথম আলোকে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে গোসল করতে নেমে অনেকে বিপদের সম্মুখীন হচ্ছেন। বিপদে পড়া এক তরুণীকে উদ্ধার করতে গিয়ে ডুবুরিদের সঙ্গে কতিপয় তরুণের এই মারামারির ঘটনা ঘটে। যদিও উদ্ধার করা তরুণীর সঙ্গে প্রতিবাদকারী তরুণদের কোনো সম্পর্ক বা পরিচয় ছিল না।ইয়াছির লাইফ-গার্ড স্টেশনের পরিচালক ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডুবুরি মোস্তফা কামাল জানান, কলাতলী থেকে ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সৈকতে বর্তমানে ছয়টি গুপ্তখালের সৃষ্টি হয়েছে। জোয়ারের সময়ও এসব স্থানে গোসলে নামা বিপজ্জনক। তাই পর্যটকদের সতর্ক করে গুপ্তখালের পাশে সাগরে না নামার জন্য সংকেতস্বরূপ লাল পতাকা তুলে দেওয়া হয়েছে। কিন্তু বেশির ভাগ পর্যটক নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে ঝাঁপ দিচ্ছেন। বাধা দিলে অনেকে তাঁদের নানা রকমের ভয়ভীতি ও গালমন্দ করেন।মোস্তফা কামাল জানান, ছেলে হোক, মেয়ে হোক—সাগর থেকে উদ্ধার করতে গেলে শরীরে হাত দিতে হবে। কিন্তু তরুণীদের উদ্ধার করা নিয়ে ডুবুরিদের বিপদের সম্মুখীন হতে হয়। সাগরের তলদেশে গিয়ে উদ্ধার তৎ পরতা চালানোর মতো নারী ডুবুরি কোথাও নেই।রবি লাইফ-গার্ড স্টেশনের পরিচালক সৈয়দ নূর জানান, পুরো সৈকতে সকাল থেকে বিকেল পর্যন্ত দৈনিক অন্তত ১৫ হাজার পর্যটক সমবেত হচ্ছেন। তিনটি বেসরকারি সংস্থার ৩৪ জন ডুবুরি বা উদ্ধারকর্মীর পক্ষে এত বিপুলসংখ্যক পর্যটককে নজরদারিতে রাখা সম্ভব নয়।সৈয়দ নূর জানান, গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সৈকতে গোসল করতে গিয়ে গুপ্তখালে আটকা পড়ে হারিয়ে যান ঢাকা থেকে ভ্রমণে আসা আরও চার শিক্ষার্থী। তাঁদেরও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রাণে রক্ষা করেন ডুবুরিরা। কিন্তু এক তরুণীকে উদ্ধারের ঘটনায় মারধরের শিকার ডুবুরিরা হতাশ হয়ে পড়েন। তাঁরা উদ্ধার তৎ পরতায় উৎ সাহ হারিয়ে ফেলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ বছরে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ৮৫ পর্যটকের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রাণে বাঁচানো হয় আরও ৮৪৮ জনকে। এর মধ্যে নারীর সংখ্যা দুই শতাধিক।সংশ্লিষ্ট ডুবুরিরা জানান, বর্তমানে সৈকতের কলাতলী, সুগন্ধা, সী-গাল, লাবণী ও ডায়াবেটিক পয়েন্টের উত্তর-দক্ষিণে আড়াআড়িভাবে প্রায় ৫০০ ফুট লম্বা ছয়টি গুপ্তখাল এবং আট-নয়টি পুকুর আকৃতির গর্তের সৃষ্টি হয়েছে। গোসলের মুহূর্তে পা পিছলে পর্যটকেরা এসব খাল বা গর্তে পড়ে নিখোঁজ হচ্ছেন। সাঁতার জানা লোকজন কোনোমতে তলদেশ থেকে উঠে আসতে সক্ষম হলেও অন্যরা সেখানে আটকা পড়েন।