ভেসে যাওয়া লঞ্চটি অবশেষে ফিরল ঘাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ শতাধিক যাত্রী নিয়ে উল্টো পথে ভেসে যাওয়া চাঁদপুরগামী বিকল লঞ্চ এমভি মেঘনা রানীকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা দুইটার দিকে আরেকটি লঞ্চের মাধ্যমে এটিকে উদ্ধার করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে লঞ্চটি জোয়ারে ভেসে গিয়েছিল।

চাঁদপুর লঞ্চঘাটের তত্ত্বাবধায়ক আলী আজগর জানান, আজ রোববার সকাল আটটায় মেঘনা রানী ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে। দুপুর ১২টায় চাঁদপুর পৌঁছার কথা ছিল। কিন্তু বেলা সাড়ে ১১টায় চাঁদপুরের সফরমালী এলাকায় পৌঁছালে হঠাত্ লঞ্চটি বিকল হয়ে পড়ে। এদিকে নদীতে জোয়ার থাকায় লঞ্চটি উল্টো পথে ভেসে প্রায় পাঁচ মাইল দূরে মোহনপুরের কাছে লগ্মিমারা চরে আটকে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গেছে।

চাঁদপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, চাঁদপুর থেকে সুরভী নামে আরেকটি লঞ্চ পাঠিয়ে বিকল লঞ্চটি উদ্ধার করে বেলা দুইটায় চাঁদপুর লঞ্চ ঘাটে ভেড়ানো হয়েছে। লঞ্চটির সব যাত্রী নিরাপদে আছেন।