ভেস্তে গেছে আশ্রয়ণ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভূমিহীনদের জন্য সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পটি ভেস্তে গেছে। এখানে আশ্রয় পাওয়া ভূমিহীনদের দীর্ঘদিন ধরে কাজের সুযোগ সৃষ্টি না হওয়া ও সরকারের দেওয়া ঋণ পরিশোধ করতে না পারায় আশ্রয় পাওয়া ৯০টি পরিবারের মধ্যে ৭০টিই অন্যত্র চলে গেছে। রক্ষণাবেক্ষণের ও তদারকির অভাবে এ অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।
নানা সমস্যা নিয়ে যাঁরা এখনো ওই আশ্রয়ণ প্রকল্পে আছেন, তাঁরা সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেছেন।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০০ সালে সরকার দুস্থ ভূমিহীনদের পুনর্বাসনের জন্য উপজেলার যোগানিয়া ইউনিয়নের গেরামারা গ্রামে শাপনই বিলের ২৩ একর জমিতে আবাসন প্রকল্প নির্মাণ করে।
প্রকল্প এলাকায় ৯০ জন ভূমিহীন আশ্রয় পান। তাঁদের স্বাবলম্বী করতে এলাকার সাংসদ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর উদ্যোগে প্রথম পর্যায়ে ছয়টি প্রকল্পের মাধ্যমে ৫৪২ মেট্রিক টন গমের টাকায় ২ হাজার ৪৬০ ফুট দৈর্ঘ্য ও ৪৫২ ফুট প্রস্থের একটি পুকুর খনন করা হয়। পুকুরের দুই পাশে ৬৬ ফুট প্রশস্ত পাড়জুড়ে নির্মাণ করা হয় ১০০টি পরিবারের বসবাস উপযোগী ১০টি ব্যারাক (ঘর)। সঙ্গে ১০টি শৌচাগার, ১০টি নলকূপ ও একটি কমিউনিটি সেন্টার। এ কাজ বাস্তবায়ন করে সেনাবাহিনী। নির্মাণের এক বছর পর একটি ব্যারাকের চাল ঝড়ে উড়ে যায়।
ভূমিহীন পরিবারের কয়েকজন জানান, ভূমিহীনদের কর্মসংস্থানের জন্য ২০০৬ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে গাভি পালনের জন্য ৬৮ জন পুরুষকে ৩ লাখ ৩৬ হাজার টাকা ও হাঁস-মুরগি পালনের জন্য ৭২ জন নারীকে ১ লাখ ৬৪ হাজার টাকা ঋণ দেওয়া হয়। এ ঋণের টাকা পেয়ে গাভি ও হাঁস-মুরগি পালন এবং পুকুরে মাছ চাষ করে এখানকার বাসিন্দারা নতুন জীবনের স্বপ্ন দেখেন। কিন্তু সরকারের সুষ্ঠু তদারকি ও সহযোগিতার অভাব, বন্যার কারণে মাছ চাষে লোকসান, বর্ষায় বাড়িঘরে পানি ওঠায় ও কর্মসংস্থানের সুযোগ না থাকায় এখানকার বাসিন্দারা আগ্রহ হারিয়ে ফেলেন। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ইতিমধ্যে ৭০টি পরিবার কাজের সন্ধানে অন্যত্র চলে গেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, দুই বছর আগে পুকুরের দক্ষিণ পাশের প্রায় দেড় শ ফুট বাঁধ বন্যার পানিতে ভেঙে গেছে। দীর্ঘদিন ধরে মেরামত না করায় নয়টি ব্যারাকের অধিকাংশ ঘর ভেঙে গেছে। বন্যার পানিতে অধিকাংশ ব্যারাকের নিচের মাটি সরে গেছে। ১০টি নলকূপের মধ্যে নয়টি নষ্ট হয়ে পড়ে আছে। শৌচাগারগুলো ভেঙে গেছে।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ফরিদা বেগম বলেন, ‘বৃষ্টি হইলেই চাল দিয়ে পানি পড়ে। আয়ের কোনো ব্যবস্থা নাই। তাই অনেকেই পেডের তাগিদেই কামের খুঁজে অন্যত্র চইলা গেছে গা।’
আশ্রয়ণ প্রকল্পের সাধারণ সম্পাদক মো. মেছের আলী জানান, নারায়ণগঞ্জে তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রকল্পে সরকারি কোনো তদারকি নেই। তাই এখানে কোনো উন্নয়নও নেই। আশ্রয়ণ প্রকল্পের সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘সরকার যদি আমগর দিঘির পাড়গুলা মাডি দিয়া উঁচা করার ব্যবস্থা করত, তাইলে শুধু মাছ চাষ কইরাই ভূমিহীনরা দুই বেলা খাইয়া চলবার পাইত। এই সুযোগ অইলে সবাই আবার আশ্রয়ণ প্রকল্পে ফিরা আইত।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোল্লা জানান, প্রকল্পটি অকার্যকর হয়ে পড়েছে এ রকম অভিযোগ পাওয়া যায়নি। পাওয়া গেলে অব্যশই ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে দ্রুত খোঁজ নেওয়া হবে।