ভেস্তে গেছে টিসিবির বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানে বাজার নিয়ন্ত্রণে চিনি, সয়াবিন তেলসহ অন্যান্য পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছিল সরকার। এ জন্য টিসিবির মাধ্যমে সারা দেশে ডিলারও নিয়োগ করা হয়েছিল। কিন্তু ডিলাররা সঠিক সময়ে পণ্য উত্তোলন না করায়, কয়েকটি এলাকায় বরাদ্দ দেওয়া পণ্য নিম্নমানের হওয়াসহ নানা কারণে এই কার্যক্রম ভেস্তে যেতে বসেছে। অনেক স্থানে সাধারণ ক্রেতা জানেন না, টিসিবির পণ্য কোথায় ও কখন বিক্রি করা হয়। অনেক জায়গায় ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণ হয়েছে। ফরিদপুর ও ঝালকাঠিতে কয়েকজন ডিলারের ব্যবসাপ্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।টিসিবি সূত্রে জানা গেছে, প্রত্যেক ডিলারকে প্রথম দফায় দুই হাজার কেজি চিনি, এক হাজার ২০০ লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি মসুর ডাল, ৫০০ কেজি ছোলা, ৫০০ কেজি খেজুর বরাদ্দ দেওয়া হয়। তাঁদের সয়াবিন প্রতি লিটার ১০২ টাকা, প্রতি কেজি চিনি ৫৮, মসুর ডাল ৬৮, ছোলা ৫৮ ও খেজুর ৭০ টাকায় বিক্রির নির্দেশ দেওয়া হয়। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি চিনি, পাঁচ লিটার সয়াবিন, দুই কেজি মসুর ডাল, দুই কেজি ছোলা ও এক কেজি খেজুর কিনতে পারবেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: জেলার নয়টি উপজেলায় ২৭ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। রমজানের ২২ দিন পরও সদরের পাঁচজন ডিলার পণ্য বিক্রি শুরু করেননি। তাঁরা মালামালও তোলেননি। ফরিদপুর শহরের নিলটুলী এলাকার মসজিদবাড়ী সড়কের ডিলার অভি ট্রেডিংয়ের মালিক অসিত কুমার নাগ দাবি করেন, কোনো ডিলারই টিসিবির পণ্য পাননি। শহরের গোয়ালচামট মহল্লার মেসার্স সততা এগ্রো সিডসের স্বত্বাধিকারী অঞ্জনা সাহা জানান, ‘রমজান মাসে আমরা কোনো পণ্য পাইনি। ৩১ জুলাই টিসিবির পণ্য দেওয়া হয়েছে, কিন্তু আমাকে চিঠি দেওয়া হয়নি।’ খুলনায় যোগাযোগ করলে আঞ্চলিক প্রধান জানান, ‘খুলনার সব পার্টি পণ্য নিয়ে গেছে, আপনাদের পড়ে দেব।’ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো তালিকায় টিসিবির ডিলার হিসেবে শহরের লক্ষ্মীপুর মহল্লার মেসার্স সুইজ ইন্টারন্যাশনালের নাম রয়েছে। কিন্তু সরেজমিনে লক্ষ্মীপুর এলাকা ঘুরে ওই নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, যেসব ডিলার পণ্য তোলেননি, তাঁদের তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। এ তালিকা পাওয়ার পর টিসিবির পরিচালককে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে পাঠানো হবে।খুলনা: নগরের ১৩১ জন ডিলারের মধ্যে ৮১ জন পণ্য তুলেছেন। গত ১৯ থেকে ৩১ জুলাই প্রথম দফায় তাঁরা টিসিবির খুলনার আঞ্চলিক কার্যালয় থেকে পণ্য তোলেন। গতকাল সকালে ও দুপুরে খুলনা মহানগরের বিভিন্ন এলাকা ঘুরে অনেক ডিলারের দেখা মেলেনি। একই অভিযোগ সাধারণ ক্রেতাদের। ক্রেতারা জানান, ডিলাররা কোথায় পণ্য বিক্রি করছেন অথবা আদৌ বিক্রি করছেন কি না, তা তাঁরা জানেন না। নগরের বানরগাতি এলাকায় সোনিয়া এন্টারপ্রাইজ টিসিবির পণ্য যে বিক্রি করছে তা বোঝা যায় না। কারণ সেখানে কোনো লালসালুর ব্যানার টাঙানো হয়নি। একই অবস্থা কালীবাড়ি রোডের ইউসুফ স্টোরের। এই এলাকার কয়েকজন অভিযোগ করেন, ইউসুফ স্টোর যে পণ্য তুলেছে তা টিসিবির নির্ধারিত মূল্যে বিক্রি করছেন না। এসব পণ্য তাঁরা খোলা বাজারের দরে বিক্রি করেছেন। নগরের আমতলা মোড়ের ডিলার ইয়াদ-ফুয়াদ এন্টারপ্রাইজের মালিক অহিদুজ্জামান জানান, ‘নগরের অনেক ডিলার টিসিবির মাল তোলেননি। প্রথম দফায় যে পণ্য দেওয়া হয়েছিল তা আমরা বিক্রি করে ফেলেছি। তবে যে খেজুর দেওয়া হয়েছে তা খুবই খারাপ। আবার কিছু মসুর ডালও ভালো না।’মেহেরপুর: এ জেলায় সাতজন ডিলারের মধ্যে তিনজন মালামাল তোলেননি। এতে বাজার থেকে ন্যায্যমূল্যে পণ্য কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিক ও দিনমজুর শ্রেণীর মানুষ। গাংনী উপজেলার বামুন্দি বাজার এলাকার ব্যবসায়ী হেমায়েত উদ্দিন জানান, তাঁর উপজেলায় টিসিবির বিক্রয়কেন্দ্র আছে কি না তা তিনি জানেন না। বামুন্দি বাজারের সততা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান ডিলারশিপ পেয়েছে। এর মালিক ইছারুদ্দিন আলী আওয়ামী লীগ দলীয় গাংনী উপজেলা চেয়ারম্যান শফিকুল আলমের ভাই। তিনি মালামাল উত্তোলন করলেও বিক্রি করেননি বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। ইছারুদ্দিন এ অভিযোগ অস্বীকার করেছেন। টিসিবির খুলনার আঞ্চলিক প্রধান রবিউল মোরশেদ জানান, যাঁরা মাল তোলেননি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরা: এ জেলায় তালিকায় থাকা ১২ জন ডিলারের মধ্যে সাতজনই মালামাল তোলেননি। মান ভালো না হওয়ায় বাকি পাঁচ ডিলারের কাছ থেকে ক্রেতারা পণ্য কিনছেন না। গত বুধবার কাটিয়া মাস্টারপাড়া এলাকায় টিসিবির ডিলার মেসার্স মেশারি এন্টারপ্রাইজের মালিক মো. মনসুর আহম্মদের পক্ষে পণ্য বিক্রি করছেন সুলতানপুর এলাকায় নোমান এন্টারপ্রাইজের মো. নাঈম। নাঈম জানান, চিনির রং লাল হলেও রোজার কারণে কিছুটা চাহিদা রয়েছে। তবে অন্যান্য পণ্যের গুণগত মান ভালো নয়। টিসিবির ডিলার আশাশুনি উপজেলার জয়া মুদি স্টোরের মালিক জবেদ আলী বলেন, গত বছর দুইবারে তাঁর ২২ হাজার টাকা লোকসান হয়েছে। এবার তিনি জানতে পারেন খেজুর, ছোলা, মসুরের ডাল ও সয়াবিনের মান মোটেও ভালো না। পণ্য তুললে আবার লোকসান গুনতে হবে—এ জন্য তোলেননি। ঝালকাঠি: এখানে নিয়োগ পাওয়া ১৮ জন ডিলারের মধ্যে ছয়জন বরিশালের টিসিবির গুদাম থেকে মালামাল তুলেছেন। কিন্তু যাঁরা উত্তোলন করছেন তাঁদের চাহিদা অনুযায়ী পণ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে না। এ কারণে জেলার সাধারণ ক্রেতাদের উচ্চমূল্য দিয়েই বাজার থেকে চিনি ও তেল কিনতে হচ্ছে। গত বুধবার শহরের আড়তদারপট্টির সোনিয়া এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর হোসেন বাবুল জানান, ডিলার নিয়োগের পর এখন পর্যন্ত একবার মালামাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে একজন ডিলারকে দুই হাজার কেজি চিনি ৫০০ কেজি ছোলাবুট, ৫০০ কেজি মসুর ডাল, ৫০০ কেজি খেজুর ও এক হাজার ২০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ দেওয়া হয়, যা দুই দিনেই বিক্রি হয়ে গেছে। এদিকে মালামাল তুললেও ঝালকাঠি শহরের আমতলা সড়কের মেসার্স সৈয়দ জেনারেল সাপ্লাইয়ার্স, স্টেশন রোডের লাভলী অ্যান্ড ব্রাদার্সের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। গাইবান্ধা: জেলার সাত উপজেলায় ৩০ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ের বেশির ভাগ ডিলার সরকারি গুদাম থেকে পণ্য উত্তোলন করে কালোবাজারে বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাদুল্যাপুর উপজেলার শহরের স্কুলশিক্ষক ফারুক মিয়া বলেন, নানা কাজে সারা দিন শহরে ঘোরাফেরা করতে হয়। কিন্তু চলতি রমজান মাসে টিসিবির কোনো দোকান চোখে পড়েনি। ফুলছড়ি উপজেলার গজারিয়া গ্রামের ব্যবসায়ী আলম মিয়া বলেন, টিসিবির ডিলার নিয়োগে দলীয়করণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান ও উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানের ছেলে আনিছুর রহমান টিসিবির ডিলারশিপ পেয়েছেন অথচ প্রকৃত ব্যবসায়ীরা পাননি। দলীয় প্রভাবে তাঁরা সরকারি গুদাম থেকে পণ্য তুলে কালোবাজারে বিক্রি করছেন। ডিলার আসাদুজ্জামান কালোবাজারে পণ্য বিক্রির অভিযোগ অস্বীকার করেন। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ‘টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ বগুড়া: জেলার ১২টি উপজেলায় ৫২ জন ডিলারের মধ্যে ২০ জন ডিলার মালামাল উত্তোলন করেননি। বাকি ৩২ জন মালামাল উত্তোলন করেছেন। ২৫ জুলাই থেকে জেলার বিভিন্ন স্থানে ন্যায্যমূল্যে তাঁরা এসব পণ্য বিক্রি শুরু করেছেন। সদর উপজেলায় আটজন ডিলারের মধ্যে মালামাল উত্তোলন করেছেন মাত্র চারজন। বাকি চারজনের ঠিকানা থাকলেও বাস্তবে তাঁদের প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি। শহরের ভাইপাগলা মাজার লেনের ঠিকানায় খোঁজ নিয়ে টিসিবির ডিলার রফিকুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠান রাদিতমাহি এন্টারপ্রাইজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। রফিকুল ইসলাম জানান, চাহিদামতো সরবরাহ করতে না পারায় তিনি মালামাল উত্তোলন করতে পারেননি। টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, যাঁরা মালামাল তোলেননি তাঁরা দ্বিতীয় দফায়ও মালামাল তুলতে ব্যর্থ হলে তাঁদের জামানতসহ ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে। নীলফামারী: জেলার ছয় উপজেলায় ১৫ জন ডিলার নিয়োগ করা আছে। তাঁদের মধ্যে ডোমার ও ডিমলায় মালামাল উত্তোলনের খবর পাওয়া গেছে। তবে জেলা শহরের তিনজন ডিলারের একজনও মালামাল উত্তোলন করেননি। জেলা শহরের ডিলাররা জানান, টিসিবির রংপুরের গুদাম থেকে চিনি সরবরাহ না দেওয়ায় তাঁরা মালামাল তোলেননি। শহরের থানাপাড়া মহল্লার টিসিবির ডিলার জোয়াদ হোসেন বলেন, ‘রমজানে তিন দফা মালামাল দেওয়ার কথা থাকলেও প্রথম দফায় চিনি না থাকার কারণে আমরা মালামাল উত্তোলন করিনি।’ ডিমলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ডিমলার দুজন ডিলারই মালামাল উত্তোলন করেছেন। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান মিয়া বলেন, ডোমারে টিসিবির একজনই ডিলার আছেন, তিনি মালামাল উত্তোলন করেছেন।পঞ্চগড়: একসঙ্গে পাঁচ লিটার তেল, দুই কেজি করে ডাল, চিনি, ছোলা ও এক কেজি খেজুর না কিনলে ডিলাররা কারও কাছে পণ্য বিক্রি করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। তাই বেশি দামে এসব পণ্য বাজার থেকে কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। জেলায় ১১ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জন মালামাল উত্তোলন করেছেন। তাঁদের মধ্যে সব পণ্য একসঙ্গে না কিনলে (প্যাকেজ) মালামাল বিক্রি করেন না—এ কথা স্বীকার করেছেন আটোয়ারী উপজেলা সদরের ডিলার মানিক হোসেন ও কমলেশ কুমার ঘোষ। কুড়িগ্রাম: জেলায় ১৮ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে রাজারহাটে দুজন এবং রৌমারী, রাজীবপুর ও নাগেশ্বরীতে একজন করে ডিলার মালামাল উত্তোলন করেছেন। জেলা শহরে নিয়োগ পেয়েছেন দুজন ডিলার। তাঁরা মালামাল তোলেননি। এ কারণে শহরের লোকজন ন্যায্যমূল্যে পণ্য কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। টিসিবির পণ্য বিক্রি না হওয়ায় বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়ে গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে সয়াবিন তেল লিটারপ্রতি পাঁচ-সাত টাকা, চিনি প্রতি কেজি পাঁচ-সাত, মসুর ডাল পাঁচ-সাত ও ছোলা তিন থেকে পাঁচ পর্যন্ত টাকা বেড়েছে। জয়পুরহাট: এ জেলায় নিয়োগ পাওয়া ১৪ জন ডিলারের মধ্যে সাতজনই পণ্য তোলেননি। ডিলারদের অভিযোগ, লোকসানের কারণে তাঁরা পণ্যসামগ্রী টিসিবি থেকে তোলেননি। এতে দিনমজুর, রিকশাওয়ালাসহ নিম্নআয়ের লোকজন ন্যায্যমূল্যে চিনি, তেল, ডাল ও ছোলা কেনার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। জয়পুরহাট শহরের রিকশাচালক মনতাজউদ্দিন জানান, দিনমজুরি করে ১২০ থেকে ১৫০ টাকা আয়-রোজগার হয়। সেখানে এক লিটার সয়াবিন ও এক কেজি করে চিনি তাঁদের পক্ষে কেনা সম্ভব নয়। আক্কেলপুরের ডিলার আবুল ফজল সরদার ও কালাইয়ের শামসুল আলম জানান, লোকসান হওয়ায় তাঁরা টিসিবির মালামাল তোলেননি। সয়াবিন ও চিনির চাহিদা বেশি হলেও মসুর ডাল, ছোলা ও খেজুরের মান খারাপ হওয়ায় তাঁরা টিসিবির কোনো পণ্য তোলেননি।সিরাজগঞ্জ: এ জেলায় ৩০ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সদরের ইএন এন্টারপ্রাইজ, লাকি এন্টারপ্রাইজ, শস্যভান্ডার, মাহফুজা এন্টারপ্রাইজ, নান্নু খান এন্টারপ্রাইজ ও চৌহালী উপজেলার দুজন মালামাল উত্তোলন করেননি। অন্যান্য উপজেলার ২৩ জন ডিলার চিনি, খেজুর, ডাল, সয়াবিন তেলসহ অন্যান্য পণ্যসামগ্রী তুলে বিক্রি করেছেন। নান্নু এন্টারপ্রাইজের মালিক মানিক মিয়া জানান, ‘তিন দিন রাজশাহীতে মাল নেওয়ার জন্য গিয়ে ফিরে এসেছি। সব মালামাল না থাকায় আনা সম্ভব হয়নি।’