ভেস্তে গেল আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর উদ্যোগ ভেস্তে গেছে। জেলা পরিষদের উদ্যোগে বম ও মারমা ভাষায় ছাপা আট হাজার পাঠ্যবই এখন বেসরকারিভাবে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে পরিষদ। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জেলা পরিষদের সমন্বয়হীনতা ও আমলাতান্ত্রিক জটিলতায় আদিবাসীদের মাতৃভাষায় পড়াশোনার উদ্যোগটি বন্ধ হয়ে গেল। অথচ পরীক্ষামূলকভাবে আদিবাসী ভাষায় পাঠদানের সব আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, বান্দরবান জেলা পরিষদ ২০০৬ সালে পরিষদ আইনের প্রথম তফসিলের ৩(ঠ) ধারা অনুযায়ী আদিবাসী অধ্যুষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর উদ্যোগ নেয়। প্রাথমিক পদক্ষেপ হিসেবে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটের (উসাই) সহযোগিতায় মারমা ও বম ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন ও ছাপা হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের (জিকে) আর্থিক সহযোগিতায় ছাপানো পাঁচ হাজার মারমা ও তিন হাজার বম ভাষার প্রথম শ্রেণীর পাঠ্যবই বিতরণ করে ২০০৭ সাল থেকে পরীক্ষামূলভাবে পাঠদান চালুর কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয়হীনতা এবং জাতীয় পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাঠক্রম প্রণয়নের নীতিমালা না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আদিবাসী মাতৃভাষায় পাঠদান চালু করার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় সামরিক-বেসামরিক আমলারাও এই কার্যক্রমে বিরোধিতা করেন বলে পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্তাব্যক্তি জানিয়েছেন। এ অবস্থায় কার্যক্রম চালু করতে না পেরে ছাপানো বইগুলো এখনো বস্তাবন্দী হয়ে পড়ে আছে।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পরিষদের কর্মকর্তারা বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর প্রকাশিত মারমা ও বম ভাষার পাঠ্যবইগুলো এক উপদেষ্টার উদ্বোধন করার কথা ছিল। উদ্বোধনের জন্য সবকিছু ঠিকঠাক করা সত্ত্বেও আমলাদের আপত্তির মুখে উদ্বোধনী অনুষ্ঠান করা যায়নি। তত্ত্বাধায়ক সরকারের সময়ের জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই ও জিকের পরিচালক গোলাম মোস্তফা বলেন, ‘এ সংক্রান্ত সব কথা বলা যাবে না। তবে আমলাতান্ত্রিক বাধা ছিল এটা ঠিক।’প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট অনেকে বলেছেন, জেলা পরিষদের উদ্যোগ সঠিক ছিল। কিন্তু তারা যেভাবে চালু করতে চেয়েছিল, তা পদ্ধতিগতভাবে ঠিক ছিল না। জেলা পরিষদ নিজস্ব ক্ষমতাবলে শুধু জাতীয় পাঠক্রমের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে আদিবাসী শিশুদের জন্য নিজেদের মাতৃভাষায় অতিরিক্ত একটি বিষয় চালু করতে পারে। এ ছাড়া মাতৃভাষায় শিক্ষাব্যবস্থার প্রবর্তন করতে হলে কেন্দ্রীয় সরকার বা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মাধ্যমে তা করার আবশ্যকতা রয়েছে। বিগত সময়ে সে রকম নীতিমালা তৈরি করে উদ্যোগ না নেওয়ায় পুরো উদ্যোগটি জটিলতার আবর্তে আটকে গেছে।জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা এসব জটিলতার কথা স্বীকার করে বলেন, ‘আপাতত আদিবাসী মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করা সম্ভব হচ্ছে না। প্রকাশিত বইগুলো যারা এ সংক্রান্ত কাজ করে তাদের বিতরণের জন্য বলা হয়েছে।’