মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির দুটি পক্ষের বিরোধ মেটাতে ‘সমঝোতা’ কমিটি গঠন করা হয় ১ জানুয়ারি। কিন্তু পাঁচ দিনের মাথায় একটি পক্ষ মতবিনিময় সভা করে আলাদাভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে বিএনপির জেলা কমিটির সভাপতি এম নাসের রহমান সালেহ উদ্দিনকে সভাপতি এবং মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে দলের জুড়ী উপজেলা কমিটি অনুমোদন দেন। একই সময় জেলা কমিটির সাধারণ সম্পাদক খালেদা রব্বানী জালাল উদ্দিন আহমদকে (বর্তমানে মৃত) সভাপতি এবং নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আরেকটি কমিটি অনুমোদন করেন। পরে দলের কেন্দ্রীয় কমিটির তৎকালীন মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেন দুটি পক্ষের সমন্বয়ে জালাল উদ্দিন আহমদকে সভাপতি এবং মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি অনুমোদন দেন। কিন্তু এ কমিটি একটি পক্ষ মেনে নেয়নি। এই অবস্থায় দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সাবেক সাংসদ এবাদুর রহমান চৌধুরী দুটি পক্ষের বিরোধ মিটমাটের উদ্যোগ নেন। সেই লক্ষ্যে ১ জানুয়ারি উপজেলা সদরের বাছিরপুর এলাকায় দলের নেতা হেলাল উদ্দিনের বাড়িতে বৈঠক হয়। এবাদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে দুই পক্ষের উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সেখানে মঈন উদ্দিনকে আহ্বায়ক, নাসির উদ্দিন আহমদকে যুগ্ম আহ্বায়ক ও হাবিবুর রহমানকে সদস্যসচিব করে ২২ সদস্যের সমঝোতা কমিটি গঠন করা হয়। এ কমিটিকে তিন মাসের মধ্যে কাউন্সিল করে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। সূত্র জানায়, গত শনিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের চৌমোহনা এলাকায় এক পক্ষের দলীয় কার্যালয়ে এ পক্ষের উপজেলা কমিটির সভাপতি সালেহ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। সভায় বক্তারা ‘সমঝোতা’ কমিটি সম্পর্কে বিষোদ্গার করে বলেন, এ কমিটি তাঁরা মানেন না। জেলা কমিটির সভাপতি ছাড়া অন্য কারও নতুন কোনো কমিটি গঠন করে দেওয়ার এখতিয়ার নেই বলেও তাঁরা মন্তব্য করেন। মতবিনিময় সভার সত্যতা নিশ্চিত করে ওই পক্ষের কমিটির সভাপতি সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এবাদুর রহমান চৌধুরীর ডাকে সেদিন (১ জানুয়ারি) বৈঠকে যাই। তবে তখন আমি কমিটি গঠনের প্রতিবাদ করেছি। মতবিনিময় সভায় (শনিবার) নেতা-কর্মীরা আগের মতো দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। তাই আমরা সেভাবেই চলার সিদ্ধান্ত নিয়েছি।’ সমঝোতা কমিটির সদস্যসচিব হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সর্বসমঞ্চতিক্রমে কমিটি হয়েছে। সালেহ উদ্দিন বৈঠকে কোনো প্রতিবাদ করেননি। সিদ্ধান্তের খাতায় তাঁর স্বাক্ষর আছে। অনুমোদনের জন্য আমাদের কমিটি জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হবে।’ এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার এবাদুর রহমান চৌধুরীর মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি।