আমন মৌসুমে বিভিন্ন স্থানে সরকারের ধান-চাল সংগ্রহ অভিযান ভেস্তে যেতে বসেছে। অভিযান শুরুর এক মাস পেরিয়ে গেলেও মঙ্গলবার পর্যন্ত পাবনা, শেরপুর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় এক গ্রাম ধান বা চাল কেউ সরকারি খাদ্য গুদামে বিক্রি করেননি। সরকারি সংগ্রহমূল্যের চেয়ে ধান-চালের বাজারদর বেশি হওয়ায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সরকার প্রতি মণ ধানের দাম ৪৪০ টাকা ও চালের দাম ৮৮০ টাকা নির্ধারণ করেছে। গত ৭ ডিসেম্বর এ মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে, চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পাবনা: জেলার ১১টি ক্রয়কেন্দ্রে এ পর্যন্ত কোনো ধান-চাল সংগ্রহ হয়নি। চলতি মৌসুমে জেলায় ২২ হাজার ৯৪ মেট্রিক টন ধান এবং ১০ হাজার ১৭০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী মনোয়ার হোসেন বলেন, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারিভাবে মূল্য বাড়ানো হলে মিল মালিকেরা আবার খোলাবাজারে দাম বাড়িয়ে দেবেন।সাতক্ষীরা: জেলায় দুই হাজার ৪৪৩ মেট্রিক টন চাল ও এক হাজার ২৪৫ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত জেলার কোনো খাদ্যগুদামে এক ছটাক চাল বা ধান কেউ বিক্রি করেনি। চাতাল মালিক সাতক্ষীরা সদর উপজেলার আরশাদ হোসেন ও সাইদুজ্জামান জানান, বর্তমানে খোলাবাজারে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকায়। লোকসান দিয়ে কেউ সরকারি গুদামে চাল বিক্রি করতে চান না। জেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন চন্দ্র রায় জানান, কৃষক ও চাতাল মালিকেরা সরকারি খাদ্য গুদামে চাল ও ধান সরবরাহ করছে না। শেরপুর: খাদ্যে উদ্বৃত্ত জেলা শেরপুরে গতকাল বুধবার পর্যন্ত এক কেজি ধান-চালও সংগ্রহ হয়নি। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় দুই হাজার ৩১৮ মেট্রিক টন ধান ও আট হাজার ৮২০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে শেরপুরের বাজারগুলোতে প্রতি মণ মোটা ধান ৬৪০ থেকে ৬৫০ টাকা এবং প্রতি মণ মোটা চাল এক হাজার থেকে এক হাজার ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান বলেন, চলতি মৌসুমে জেলায় ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।চুয়াডাঙ্গা: জেলায় এ পর্যন্ত কোনো ধান-চাল সংগ্রহ করা সম্ভব হয়নি। এ মৌসুমে জেলায় এক হাজার ২০২ মেট্রিক টন ধান এবং এক হাজার ৬৫০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার চারটি উপজেলার ১৫৬টি চালকল তালিকাভুক্ত হলেও একটি চালকলও এখন পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেনি। জয়পুরহাট: জয়পুরহাটে চলতি মৌসুমে পাঁচ হাজার ৩৫৩ মেট্রিক টন চাল ও দুই হাজার ১৫৯ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল রকিব জানান, গত শনিবার পর্যন্ত ২১৮ মেট্রিক টন চাল কেনা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধান কেনা সম্ভব হয়নি।