ভেস্তে যাবে ৪৫ পরিবারের ঈদ আনন্দ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে সিরাজগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ৪৫ জন কর্মচারীর (দপ্তরি কাম নৈশপ্রহরী) বেতনভাতা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে ভেস্তে যেতে চলছে এই ৪৫টি দরিদ্র পরিবারের ঈদের আনন্দ।
আজ রোববারের মধ্যে তাঁদের বেতনভাতা উপজেলা কার্যালয়ে না পৌঁছালে কর্মচারীরা ঈদের আগে কোনোভাবেই বেতনভাতা পাবেন না বলে জানা গেছে।
কর্মচারীদের সঙ্গে কথা বলে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, চলতি বছরের জুলাইয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী পদে ২০ জন, আগস্ট মাসে ১৭ জন এবং সেপ্টেম্বরে আটজনসহ মোট ৪৫ জনকে নিয়োগ দেওয়া হয়। এরই মধ্যে তাঁরা দায়িত্ব পালনও শুরু করেছেন। কিন্তু গত বৃহস্পতিবার পর্যন্ত তাঁদের বেতনভাতা বাবদ বরাদ্দ করা টাকা প্রাথিমক শিক্ষা অধিদপ্তর থেকে উপজেলায় পৌঁছায়নি।
নতুন নিয়োগ পাওয়া কয়েকজন কর্মচারী বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে বলা হয়েছে, বরাদ্দ না আসায় ঈদের আগে তাঁরা বেতনভাতা পাবেন না। ফলে পরিবার-পরিজন নিয়ে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুজ্জামান বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা কার্যালয় থেকে বেতনভাতার অর্থ বাবদ বরাদ্দ পাঠানো হলেও গত বৃহস্পতিবার পর্যন্ত পত্র পাওয়া যায়নি। আজ রোববারের মধ্যে পত্র পেলে ট্রেজারি থেকে অনুমতি সাপেক্ষে বেতনভাতা প্রদানের ব্যবস্থা করা হবে। তবে ঈদের আগে শুধু একদিন সরকারি ট্রেজারি ও ব্যাংক খোলা থাকায় সমস্যায় পড়তে হবে।