ভোগান্তি এড়াতে ঈদের ছুটির ক্ষেত্রে সমন্বয়ের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের সময় যাতায়াত-বিড়ম্বনা প্রকট আকার ধারণ করে। ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে যাওয়া ও ফেরার ক্ষেত্রে ভোগান্তি এড়াতে ঈদের ছুটির ক্ষেত্রে সমন্বয় থাকলে এই বিড়ম্বনা কমে যাবে। বিভিন্ন সরকারি সংস্থা এবং শ্রমিকসমৃদ্ধ প্রতিষ্ঠানে কর্মরতদের ভাগ করে ঈদের আগে-পরে ছুটি প্রদানের মাধ্যমে এই সমন্বয় করা সম্ভব।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ডাব্লিউবিবি ট্রাস্টের যৌথ উদ্যোগে ‘সমন্বিত যাতায়াত-ব্যবস্থার অভাব, যানজট ও ঝুঁকিপূর্ণ যাতায়াত’ শীর্ষক আলোচনা সভায় এই সুপারিশ করা হয়েছে। রাজধানীর কলাবাগানে পবার কার্যালয়ে গতকাল শনিবার সকালে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ঈদে নিরাপদ ও স্বচ্ছন্দে বািড় যাওয়া-আসার জন্য, যাঁরা ঈদের একটু বেশি আগে ছুটি পাবেন, তাঁরা তাড়াতাড়ি ফিরবেন। যাঁরা ঈদের এক দিন আগে যাবেন, তাঁরা দেরিতে ফিরবেন। এভাবে ছুটির সমন্নয় করতে হবে।
বক্তারা আরও বলেন, যানজটে ঢাকায় দৈনিক ৮০ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। যানজটমুক্ত নগরের জন্য গণপরিবহন-ব্যবস্থার অনিয়ম দূর করা প্রয়োজন। সিটি করপোরেশন, বিআরটিএ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিতভাবে পদক্ষেপ গ্রহণ করলে স্বাভাবিক যাতায়াত কিছুটা নিশ্চিত হবে। ফুটপাতে মোটরসাইকেল চলাচল প্রতিরোধ এবং সড়ক ও ফুটপাতে গাড়ি পার্কিং নিষিদ্ধ করতে হবে। এ ছাড়া এক দিন জোড় ও অন্য দিন বিজোড় সংখ্যার লাইসেন্স নম্বর অনুসারে প্রাইভেট গাড়ি চলাচলের জন্য সুপারিশ জানিয়েছে বক্তারা।
সভায় রেল ও নৌ-ব্যবস্থার আধুনিকীকরণ, সড়কনির্ভরতা কমানো, ঢাকা-চট্টগ্রাম রেললাইন চারলেন করাসহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে।
সভায় মূল প্রবন্ধের আলোকে বক্তব্য দেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান। তিনি বলেন, আইন প্রয়োগে শিথিলতা, ত্রুটিযুক্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ না করা, ত্রুটিপূর্ণ সড়ক নির্মাণসহ নানা কারণে সড়ক দুর্ঘটনা বেড়ে চলেছে।