ভোগান্তি কমাতে ভূমি কার্যালয়ে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু
সরকারি কর্মকর্তা সাবেরা সুলতানা এক চিলতে জমিসহ ঢাকার সাভারের শাহীবাগে একটি ফ্ল্যাট কিনেছেন কয়েক বছর আগে। সময়ের অভাব ও অজ্ঞতার কারণে তাঁর পক্ষে ওই জমির নামজারি করা সম্ভব হচ্ছিল না। কিন্তু গত রোববার থেকে সাভার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চালু হওয়া স্বয়ংক্রিয় পদ্ধতির সুবাদে নামজারির আবেদন করতে তাঁকে কোনো ভোগান্তির শিকার হতে হয়নি।
শুধু সাবেরা সুলতানাই নন, এখন থেকে যেকোনো নাগরিক সাভারের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভূমি-সংক্রান্ত সেবা নিতে পারবেন। রোববার এই পদ্ধতির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে। ঢাকা জেলায় ১৩টি রাজস্ব সার্কেল ও ছয়টি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় রয়েছে। এর মধ্যে সাভার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়কে রোববার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতির আওতায় আনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সাভারের সহকারী কমিশনার (ভূমি) মো. যুবায়ের বলেন, এই পদ্ধতিতে খুদে বার্তার মাধ্যমে আবেদনকারী মুঠোফোনে প্রতিটি ধাপের তথ্য জানতে পারবেন। এই পদ্ধতির সুবাদে ভূমি কার্যালয়ের ওয়েবসাইট ভিজিট করে অনলাইন ও মুঠোফোনে সহজেই ভূমিসংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাবে। তিনি বলেন, এটি পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প।