ভোগান্তি ছিল না প্রথম দিনের ঈদযাত্রায়
পবিত্র ঈদুল ফিতরের এখনো কয়েক দিন বাকি। তবে ঈদের আগে গতকাল বৃহস্পতিবার ছিল সরকারি চাকুরেদের শেষ কর্মদিবস। শেষ দিন অফিস করে তাই অনেকেই প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপনের জন্য ঢাকা ছেড়েছেন। তাঁদের মতো আরও অনেকেই বাড়িমুখী হয়েছেন। ফলে গতকাল ঢাকা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ ছিল যাত্রীবোঝাই। তবে ঈদের কয়েক দিন বাকি থাকায় প্রথম দিনের ঈদযাত্রায় যাত্রীদের তেমন ভোগান্তি ছিল না।
গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালের পাশাপাশি কল্যাণপুর, টেকনিক্যাল, গুলিস্তান টার্মিনালেও বাড়ি ফেরা মানুষের ভিড় দেখা গেছে। একই অবস্থা ছিল কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে। দুপুরের পর থেকে টার্মিনাল, স্টেশনে চাপ বাড়তে থাকে। বেলা তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাস, ট্রেন বা লঞ্চগুলোতে কোনো আসন খালি ছিল না।
বাসে আসন খালি ছিল না: দূরপাল্লার প্রতিটি বাসেই ছিল যাত্রীদের ভিড়। ঢাকার আশপাশের জেলায় যাওয়ার বাসগুলোতেও ছিল যাত্রীর চাপ। সরেজমিনে গাবতলী, কল্যাণপুর, টেকনিক্যাল, গুলিস্তান ঘুরে সকাল থেকে যাত্রীদের দেখা গেছে। তবে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চাপ ছিল বেশি। বিকেলের পর থেকে গাবতলীতে রাজধানী থেকে বের হওয়ার রাস্তায় বাসের চাপ বেড়ে যায়। থেমে থেমে যানজট তৈরি হয়। পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ শুক্রবারও দিন-রাত দূরপাল্লার বাসে বাড়ি ফেরা মানুষের চাপ বেশি থাকবে।
বাস কাউন্টারের কর্মকর্তারা বলেন, যাঁরা গতকালের টিকিট পাননি তাঁরা আজকের টিকিট কিনেছেন। ২ ও ৩ জুলাই যাত্রীদের চাপ কিছুটা কম হলেও ৪ জুলাই এই চাপ অনেক বেশি হবে। কারণ, ওই দিন বেসরকারি চাকরিজীবীদের ঈদের আগে শেষ কর্মদিবস।
সময়মতো ছেড়েছে ট্রেন: কমলাপুর থেকে যাত্রীরা সময়মতো নিজ নিজ গন্তব্যের ট্রেন পেয়েছেন, ট্রেন ছেড়েছেও প্রায় সময়মতো। ব্যতিক্রম ছিল রাজশাহীর সিল্ক সিটি এক্সপ্রেস। বেলা ২টা ৪০ মিনিটে কমলাপুর স্টেশন থেকে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি স্টেশনেই এসেছে সোয়া তিনটায়। রাজশাহীর উদ্দেশে ঢাকা ছেড়েছে বিকেল ৪টা ২০ মিনিটে।
লঞ্চেও চাপ: সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রীদের চাপ দেখা গেছে। তবে খুব বেশি ভিড় ছিল না। গুলিস্তান, রায়সাহেব বাজার ও সদরঘাটে যানজটের কারণে যাত্রীদের ভোগান্তি সয়ে টার্মিনালে আসতে হয়েছে।
সদরঘাট থেকে ছাড়া দক্ষিণাঞ্চলসহ ৪১টি গন্তব্যের সব লঞ্চের কেবিনেরই বুকিং শেষ। প্রথম ও দ্বিতীয় শ্রেণির অগ্রিম টিকিটও মিলছে না। পূবালী লঞ্চের মালিক আবদুল খালেক বলেন, টানা নয় দিনের ছুটির কারণে কেবিনের বাইরে সাধারণ যাত্রীর চাপ বেশি হবে না। নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাতেম আলী প্রথম আলোকে বলেন, টার্মিনাল এলাকা ও নদীতে নৌ পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।