ভোগান্তি থাকবে মে পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙাচোরা সড়কে বড় বড় গর্ত। ধুলাবালুতে ভরা। যেন ধুঁকে ধুঁকে চলছে যানবাহন। ধুলা ছড়িয়ে পড়ছে রাজধানী সুপার মার্কেট ও আশপাশের এলাকায়। ক্রেতা-বিক্রেতা, পথচারী, যানবাহনের যাত্রী—সবার চোখেমুখে উড়ে এসে পড়ছে সেই ধুলা।
গত বৃহস্পতিবার সকালে গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের (মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার) নিচে ও আশপাশের এলাকা ঘুরে এই ভোগান্তির চিত্র চেখে পড়ে। রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে গত জানুয়ারির শেষ দিকে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগ থেকে জানানো হয়, জয়কালী মন্দির থেকে যাত্রাবাড়ী পর্যন্ত রাস্তা মেরামত এবং নর্দমা, ফুটপাতের নির্মাণকাজ শেষ হবে আগামী মে মাস নাগাদ; বর্ষা মৌসুমের আগে আগে।
যাত্রাবাড়ী থেকে জয়কালী মন্দির পর্যন্ত রাস্তা ঘুরে দেখা যায়, নর্দমার নির্মাণকাজ চললেও রাস্তা মেরামতের কাজ হচ্ছে না। খুব কম রাস্তাই দেখা যায়, যেখানে গর্ত নেই বা ভাঙাচোরা নয়। সালাহ্উদ্দিন স্পেশালাইজড হাসপাতালের দিক থেকে ওয়ার স্ট্রিট, ফোল্ডার স্ট্রিট হয়ে হোটেল সুপার স্টার পর্যন্ত রাস্তার পাশে নর্দমা করা হয়েছে। নর্দমায় কিছু স্ল্যাব দেওয়া হলেও বেশির ভাগ অংশই খোলা। ওয়ারী স্কুলের কাছে মোটরসাইকেলের একটি গ্যারেজ। এর মালিক মো. হারুন বলেন, ‘একে ধুলা, তার ওপর এ ধরনের গর্ত, ব্যবসায় সমস্যা তো হচ্ছেই।’ ক্রেতা-পথচারীদেরও ভোগান্তি হচ্ছে খুব। ফোল্ডার স্ট্রিট এলাকায় পাঁচটি ব্যাংকের এটিএম বুথ রয়েছে। বুথে যেতে হলেও লাফ দিয়ে নর্দমা পার হতে হচ্ছে। মুশিউর রহমান নামের একজন গ্রাহক বিরক্তি প্রকাশ করে বলেন, অনেক দিন ধরে এই ভোগান্তির শিকার তাঁরা।
দেখা গেল, আগেই নর্দমা খুঁড়ে তোলা মাটিগুলো এখনো রাস্তার ওপর। রাস্তা হয়ে গেছে সরু। বাস বা অন্য যানবাহন চলছে ধীরে। এতে সৃষ্টি হচ্ছে যানজট। দুপুর ১২টার দিকে সিটি করপোরেশনের একটি পানিবাহী গাড়ি উল্টো পথে এসে হঠাৎ পানি ছিটিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে রাস্তা কর্দমাক্ত হয়ে যায়। জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘ঠিকাদারের লোকেরা অনেক সময় খোঁড়া মাটি রাস্তায় জমিয়ে রাখেন। আমরা টাকা দিয়ে সেগুলো সরানোর ব্যবস্থা করি। আবার ভরাটের জন্যও মাটি রেখে দিতে হয়।’
এ বিষয়ে পর্যবেক্ষণজনিত দুর্বলতা স্বীকার করে মেয়র বলেন, ‘বিদেশে যে ব্যবস্থাপনায় কাজ হয়, আমাদের দেশে এখনো তার প্রচলন হয়নি। তবে মানুষের দুর্ভোগ যাতে কম হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষার আগেই রাস্তা মেরামতের কাজ শেষ হবে বলে আশা করছি।’ রাজধানী সুপার মার্কেট হয়ে সোজা ওয়ারীর বলধা গার্ডেনে যাওয়ার পথটি বন্ধ করে রাখা হয়েছে। এটি বন্ধ থাকায় এলাকায় যানজট বাড়ছে। রিকশা ও অন্য যানবাহনগুলোকে সোজা রাস্তা ফেলে প্রায় ২০০ মিটার ভাঙা রাস্তা ঘুরে সালাহ্উদ্দিন হাসপাতাল হয়ে ওয়ারীর দিকে যেতে হচ্ছে।