ভোগান্তিতে মানুষ, ট্রেনই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে লাগাতার পরিবহন ধর্মঘট। ভরসা তাই ট্রেন। কিন্তু সময়মতো আসা ও ছাড়ার নাম নেই। যশোর ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনের অপেক্ষায় একটি পরিবার। সকাল নয়টা থেকে অপেক্ষার শুরু। দুপুর ১২টা পর্যন্তও দেখা মেলেনি ট্রেনের l ছবি: প্রথম আলো
চলছে লাগাতার পরিবহন ধর্মঘট। ভরসা তাই ট্রেন। কিন্তু সময়মতো আসা ও ছাড়ার নাম নেই। যশোর ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনের অপেক্ষায় একটি পরিবার। সকাল নয়টা থেকে অপেক্ষার শুরু। দুপুর ১২টা পর্যন্তও দেখা মেলেনি ট্রেনের l ছবি: প্রথম আলো

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় গতকাল রোববার ষষ্ঠ দিনের মতো পরিবহন ধর্মঘট অব্যাহত ছিল। ওই জেলাগুলোতে আন্তজেলা বা দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ে মানুষ। চলাচলের জন্য এখন মানুষের একমাত্র ভরসা হয়ে উঠেছে ট্রেন।
চলমান পরিবহন ধর্মঘট নিয়ে আলোচনার জন্য আজ সোমবার বিকেল তিনটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক ডাকা হয়েছে। এতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ছাড়াও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান ও মালিক-শ্রমিক নেতারা উপস্থিত থাকবেন। ওই বৈঠক ডাকায় আজ থেকে রাজশাহী বিভাগে ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
ধর্মঘটের কারণে ১০ জেলায় যাতায়াতে ট্রেনের ওপর চাপ বেড়েছে। যে কারণে ট্রেন চলাচলের সময় ঠিক থাকছে না। ঢাকা-খুলনা পথে চলাচলকারী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেনে একটি করে শোভন চেয়ার কোচ যোগ করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এ ছাড়া রাজশাহী-খুলনা পথের কপোতাক্ষ ও সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনেও কোচ যোগ করার কথা জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে গতকাল খুলনা থেকে ছেড়ে যাওয়া সব রুটের ট্রেন চলাচলে দুই থেকে চার ঘণ্টা পর্যন্ত বিলম্ব হয়েছে।
মনিরুল ইসলাম নামের একজন যাত্রী গত শনিবার রাতে চিত্রা এক্সপ্রেসে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যশোরের উদ্দেশে রওনা দেন। সেই ট্রেন ছাড়ে তিন ঘণ্টা দেরিতে। তিনি জানান, প্রতিটি বগি ছিল যাত্রীতে ঠাসা। কেউ কেউ ১০ ঘণ্টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে যশোর-খুলনা অঞ্চলে বিভিন্ন গন্তব্যে পৌঁছান।
ট্রেনের বিলম্বের বিষয়ে যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘যাত্রীর অতিরিক্ত চাপের কারণে সময় ঠিক রাখা যাচ্ছে না। প্রতিটি স্টেশনে যাত্রী ওঠা-নামায় অনেক সময় নষ্ট হচ্ছে। যে কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’ এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে যশোর-ঢাকা মহাসড়কের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকেরা অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহন থেকে যাত্রীদের নামিয়ে দিয়েছে। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়েছে।
এই ধর্মঘট ডাকা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘বাসে ডাকাতি হচ্ছে, সেই ডাকাতির সঙ্গে যদি চালক বা হেলপার (চালকের সহকারী) বা কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না কেন?’ হানিফ বলেন, ‘মানুষকে জিম্মি করে এ ধরনের অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া বা কোনোমতে বরদাশত করার সুযোগ নেই।’ গতকাল সকালে নির্মাণাধীন কুষ্টিয়া মেডিকেল কলেজ চত্বরে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের কাছে হানিফ এ মন্তব্য করেন।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজকের বৈঠক সম্পর্কে মালিক-শ্রমিকদের সংগঠনের একাধিক নেতা জানান, বৈঠকে সুরাহা হয়ে যাবে—এমন ইঙ্গিত পাওয়ার পরই রাজশাহী বিভাগের ধর্মঘট স্থগিত করা হয়। এ ছাড়া সাধারণ মালিক-শ্রমিকদের অনেকের মধ্যেই ধারণা, তিনজন শ্রমিককে কারাগারে পাঠানোর পরপরই ধর্মঘটে যাওয়া ঠিক হয়নি। আইনি প্রক্রিয়া অবলম্বন করে ব্যর্থ হলেই কঠিন কর্মসূচিতে যাওয়ার রীতি আছে। কিন্তু এবারের ধর্মঘটের ক্ষেত্রে কোনো রীতিই মানা হয়নি। জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে সুরাহার আপ্রাণ চেষ্টা করা হবে। যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে সব পক্ষই দায়িত্বশীল ভূমিকা নেবে বলে তিনি মনে করেন।
ফরিদপুরের মধুখালীতে সোহাগ পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে বাসচালক, সহকারী ও চেকারকে গত সোমবার গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মুক্তির দাবিতে পরদিন মঙ্গলবার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় আন্তজেলা ও দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধের ডাক দেয় দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, কুষ্টিয়া ও যশোর অফিস)