খুলনা বিভাগীয় শ্রম আদালতে প্রায় সাত মাস ধরে বিচারক না থাকায় বিচারপ্রার্থীরা চরম বিপাকে পড়েছেন। ওই আদালতের বিচারক (চেয়ারম্যান) মো. মোশাররফ হোসেন চলতি বছরের ১০ এপ্রিল পিরোজপুর জেলা ও দায়রা জজ হিসেবে বদলি হলে পদটি শূন্য হয়ে যায়।
বর্তমানে বিচারাধীন ৮১০টি মামলার বিচার হচ্ছে না, আবার নতুন মামলা করা যাচ্ছে না। এ নিয়ে বিচারপ্রার্থীরা ভোগান্তিতে রয়েছেন।
আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, খুলনা ও বরিশাল বিভাগের ১৬টি জেলার শ্রমিক-মালিক, শ্রম, শ্রমিকদের চাকরি, কলকারখানা, যুগ্ম শ্রম অধিদপ্তরের দায়ের করা ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন, বিদেশে লোক পাঠানো, ইমিগ্রেশন আইনের মামলাগুলো বিভাগীয় শ্রম আদালতে দায়ের ও বিচার হয়। বর্তমানে খুলনা বিভাগীয় শ্রম আদালতে শ্রম ৪৮৫টি ও ফৌজদারি ৩২৫টি মামলা বিচারাধীন আছে। কমপক্ষে ৭০টি নিষেধাজ্ঞার দরখাস্ত শুনানির অপেক্ষায় আছে। তা ছাড়া ইমিগ্রেশন আইনসহ বিভিন্ন ফৌজদারি মামলায় শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। কিন্তু বিচারক না থাকায় ফৌজদারি মামলার আসামি আদালতে হাজির হয়ে জামিন নিতে পারছেন না। আবার পুলিশের হাতে গ্রেপ্তার হলে তাঁদের জামিনের দরখাস্ত করার কোনো বিকল্প আদালত না থাকায় ফৌজদারি মামলার বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অপর দিকে শ্রমসংক্রান্ত নিষেধাজ্ঞার দরখাস্তের শুনানি না হওয়ায় শ্রমিকশ্রেণির বিচারপ্রার্থীরা চরমভাবে বিপাকে পড়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এজলাস ফাঁকা পড়ে আছে। শুধু দাপ্তরিক কাজকর্ম চলছে। বিচারকাজ বন্ধ থাকায় অনেকে এসে ফিরে যাচ্ছেন।
প্রায় পাঁচ বছর পর প্লাটিনাম জুটমিলের শ্রমিক নাজিম উদ্দিনের মামলার শুনানির দিন ছিল গত ২৯ সেপ্টেম্বর। বিচারকের অভাবে তা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘মিলের লাইন সরদার পদে পদোন্নতির জন্য মামলা করেছি। পাঁচ বছর পরে যদিও দিন পেলাম। কিন্তু বিচারকের অভাবে আবার পিছিয়ে গেলাম।’
সাতক্ষীরা থেকে মামলা করতে আসা মফিজুর রহমান বলেন, ‘আমাকে বিদেশে পাঠাবে বলে এক ব্যক্তি টাকা নিয়েছিল। এখন সে টাকা ফেরত দিচ্ছে না, আবার বাইরে পাঠাচ্ছে না। তাই মামলা করতে এসেছি। কিন্তু বিচারক না থাকায় পাঁচ মাস ধরে ঘুরছি।’
পিরোজপুর থেকে আসা আবুল কালাম মোড়ল বলেন, ‘মালিক আমাকে অন্যায়ভাবে টারমিনেশন (বরখাস্ত) করেছে। আমি তার বিরুদ্ধে মামলা করেছি। বিচারক না থাকায় শুধু হাজিরা দিচ্ছি। কিন্তু বিচারকাজ শেষ হচ্ছে না। এতে চাকরিতে বহাল হতে পারছি না।’
শ্রম আদালতের রেজিস্ট্রার পল্লবেশ কুমার কুণ্ডু বলেন, খুলনা বিভাগীয় শ্রম আদালত—খুলনা ও বরিশাল বিভাগের একমাত্র শ্রমসংক্রান্ত আদালত। বিচারিক কাজ বন্ধ থাকলেও দাপ্তরিক কাজ চলছে।
আদালতের আইনজীবী মো. জাকির হোসেন বলেন, বিচারক না থাকায় একদিকে মামলার জট, অন্যদিকে অনেকে মামলা করতে পারছেন না। প্রতিদিন ১৫-২০ জন লোক ফিরে যাচ্ছেন। আবার অনেকের মামলার নিষ্পতি হচ্ছে না। তা ছাড়া অনেকে আগাম জামিন নিতে পারছেন না। এতে চরম ভোগান্তিতে পড়ছেন বিচারপ্রার্থীরা। আমরা জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত বিচারক নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার বলেন, ‘আমরা আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। সেখান থেকে বিচারক নিয়োগ হলে আমরা পাঠাব। তা ছাড়া অন্য কোথাও থেকে বিচারক পাওয়া যায় কি না, সে ব্যাপারেও চেষ্টা করছি।’