ভোজনরসিকদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয় সংগঠন (গ্রুপ) ‘ফুড মনস্টারস’ পার করল প্রতিষ্ঠার দ্বিতীয় বছর। দুই বছরেই গ্রুপের সদস্য পৌনে দুই লাখ ছাড়িয়ে গেছে। সদস্যদের এক প্রাঙ্গণে নিয়ে এসে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের জন্য গ্রুপটি আয়োজন করেছে দুদিনব্যাপী খাদ্য উৎসবের।
গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের দামপাড়ায় বাংলাদেশ মহিলা সমিতি মাঠে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি-সাংবাদিক ওমর কায়সার, বিতর্ক সংগঠন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ, এগ্রো ফার্ম ফ্রেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিবরান আহমেদ, দ্য এক্সসেপশন লিমিটেডের প্রধান সৈয়দ জালাল আহমেদ, ফুড মনস্টারসের অ্যাডমিন বৃষ্টি ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হুইজ কমিউনিকেশনসের পরিচালক কাজী আরফাত।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, তরুণদের মধ্যে বৈচিত্র্যময় উদ্ভাবনী ক্ষমতা রয়েছে। এ ধরনের উদ্যোগ তরুণদের সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রেরণা জোগাবে, উদ্যোক্তা তৈরিতে সাহায্য করবে।
আয়োজকেরা জানান, তিন মাস আগে শিশু একাডেমী প্রাঙ্গণে প্রথমবারের মতো খাদ্য উৎসবের আয়োজন করেছিল ফুড মনস্টার। তখন প্রায় ১০ হাজার খাদ্যরসিক উৎসবে এসেছিলেন। ওই উৎসবের সাফল্যে এবার আরেকটু বড় পরিসরে আয়োজন করা হয়েছে। উৎসবে ৪৪টি স্টল রয়েছে। উৎসব থেকে পাওয়া অর্থের একটা অংশ দান করা হবে ‘মানবিক’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে।
উৎসবের প্রবেশমূল্য ৪০ টাকা। খাদ্য উৎসব আজ শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। উৎসবের শেষ দিনেও সাংস্কৃতিক আয়োজন থাকছে।
এদিকে গতকাল উৎসব প্রাঙ্গণে সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এ ছাড়া ছিল নাচ, ব্যান্ড সংগীতসহ নানা আয়োজন।