গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা করছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোল্লা ওবায়দুল্লাহ বাকী। গতকাল সোমবার প্রথম আলোর কাছে তিনি এ আশঙ্কার কথা বলেন। গত রোববার দুপুরে সদরের পাইককান্দি মহল্লায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনেও তিনি একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছিলেন।
গতকাল দুপুরে মোল্লা ওবায়দুল্লাহ বাকী মুঠোফোনে বলেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ইমদাদুল হক চৌধুরীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন সভা-সমাবেশে মাইকে প্রচার করছেন, ভোটারদের প্রকাশ্যে টেবিলের ওপর ব্যালটে সিল মারতে হবে, তা না হলে ভোটারদের ভোটকেন্দ্রে ঢুকতেই দেওয়া হবে না।
স্বতন্ত্র এই প্রার্থী আরও অভিযোগ করেন, তাঁর কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হয়েছে। নানা ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এ ছাড়া তাঁর পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, ১২ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন আওয়ামী লীগের প্রার্থীর উপস্থিতিতে ও নির্দেশে একদল ব্যক্তি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ঢুকে তাঁকেসহ অনেককে মারধর ও লাঞ্ছিত করে। এরপর থেকে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আসছেন। এ বিষয়ে তিনবার তিনি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটের দিন জেলার ১৫টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রতিটি কেন্দ্রে কমপক্ষে একজন নির্বাহী হাকিমের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ কড়া নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ইমদাদুল হক চৌধুরী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁদের কর্মীদের সঙ্গে আমার দেখাই হয় না। তাই হুমকি দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগও সত্য নয়। নির্বাচনে মাইকিং করার কোনো বিধান নেই, তাই মাইকে প্রকাশ্যে সিল মারার অভিযোগও ভিত্তিহীন।’ নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন সদস্য প্রার্থী বলেন, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে প্রকাশ্যে সিল মারার ঘোষণা দেওয়া হচ্ছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওহিদুজ্জামান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর তিনটি অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’