ভোট কেনা ঠেকাতে পাহারা
লক্ষ্মীপুরের রায়পুর পৌর নির্বাচনে ভোট কেনা প্রতিরোধে পাহারা শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা। অতীতের নির্বাচনে কালোটাকার দৌরাত্ম্য ছিল অনেকটা প্রকাশ্য। এবার টাকার খেলা চলছে বেশ গোপনে ও কৌশলে।
১ নম্বর ওয়ার্ডের গিয়াস উদ্দিন খান ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বেলায়েত হোসেন অভিযোগ করেন, বিগত নির্বাচনগুলোতে ভোটের আগের রাতে টাকা ছিটানো হতো। তাই ওই রাতে যেসব প্রার্থী টাকা দিয়ে ভোট কিনতে বের হতেন, তাঁদের ঠেকাতে বিভিন্ন এলাকায় পাহারা দিতেন অন্যান্য প্রার্থীর কর্মী-সমর্থকেরা। ওই ধরনের প্রার্থীরা এবার কৌশল পাল্টে দু-তিন দিন আগ থেকেই টাকা বিলানোর তৎপরতা শুরু করেছেন। তাই পাহারা শুরু হয়েছে তিন দিন আগ থেকেই। চলবে ভোটের দিন সকাল পর্যন্ত।
৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামাল হোসেন বলেন, নিম্ন আয়ের মানুষদের টাকার বিনিময়ে নিজের পক্ষে টানার চেষ্টা করছেন অনেক প্রার্থী।
ব্যবসায়ী আবুল খায়ের বলেন, নির্বাচন কমিশনের কড়াকড়ির কারণে মিছিল-সমাবেশের মতো কর্মকাণ্ডে প্রার্থীদের প্রকাশ্য তৎপরতা নেই। কিন্তু টাকা দিয়ে ভোট কেনার পুরোনো প্রচেষ্টা থেমে নেই। উপজেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারি বলেন, কালোটাকা ছিটিয়ে যেন কেউ ভোট কিনতে না পারেন, সে জন্য প্রশাসন তৎপর আছে।