রাতে টাকা দিয়ে ভোট কেনা হতে পারে এমন আশঙ্কায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৩০ গ্রামে ‘পাহারা’ দিয়েছেন এলাকাবাসী।
গত বুধবার প্রার্থীদের প্রচারণা বন্ধ হওয়ার পর থেকে রাতের পাহারা শুরু হয়। গতকাল শুক্রবার পর্যন্ত টানা তিন রাতের পাহারা শেষে আজ শনিবার ভোট গ্রহণ হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১০টিতে আওয়ামী লীগ, নয়টিতে বিএনপি, তিনটিতে জাতীয় পার্টি (এরশাদ), একটি করে জমিয়তে উলামায়ে ইসলাম ও জাসদের (ইনু) প্রার্থী ছাড়াও স্বতন্ত্র হিসেবে জামায়াতের পাঁচ ‘নেতা’ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ-বিএনপির সঙ্গে জামায়াত-সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় আসায় রাজনৈতিক উত্তাপ ভিন্ন মাত্রা পেয়েছে। রাজনৈতিক উত্তাপের কারণে গ্রামে গ্রামে বসেছে ‘পাহারা’। গত বুধবার রাত থেকে প্রচারণা বন্ধ হওয়ার পর থেকে প্রার্থীদের সক্রিয় কর্মীরাই পাহারা শুরু করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধ ও বৃহস্পতিবার রাতে বিয়ানীবাজারের শানেস্বর, উলুউরি, তিলপাড়া, বাহাদুরপুর, নয়া দুবাগ, চরিয়া, মইয়াখালী, ফুলমলিক, কাদিমলিক, চন্দগ্রাম, দুধাইর পাতন, বারইগ্রাম, আদিনাবাদ, কাকুরা, জলঢুপ, দিঘলবাক, ঢেউনগর, তাজপুর, খশির, দুধবকশি, ব্রাহ্মণবাড়ি, তাজপুর, আভঙ্গি, মালিগ্রাম, কাছাটুল, নন্দিরফল, মাটিকাটা, আলীপুর, কোনাগ্রাম, গজুঁকাটা গ্রামে দলবদ্ধভাবে ছোট ছোট ভাগ হয়ে তরুণেরা পাহারা দিয়েছেন।
সন্ধ্যার পর প্রার্থীর পক্ষের কোনো অপরিচিত কর্মীর দেখা পেলে এলাকায় অবস্থান করার কারণ জানতে চাইছেন ‘পাহারাদাররা’। এর মধ্যে অপরিচিত কোনো মুখ হলে তাঁকে নজরদারির মধ্যে রাখছেন। একইভাবে সাধারণ কোনো ভোটারের পরিবার কোনো সমস্যায় পড়েছে কি না, সে বিষয়টিও তাঁরা খেয়াল রেখেছেন।
আলীনগর ইউপির ব্রাহ্মণবাড়ী গ্রামে পাহারায় নিয়োজিত ছাদ উদ্দিন নামের এক তরুণ বলেন, গরিব ভোটারদের মধ্যে টাকা দিয়ে ভোট কেনাবেচা হওয়ার আশঙ্কা থেকে পাহারা দিচ্ছেন। দুই দিনের পাহারা চলাকালে ভোট কেনাবেচার কোনো ঘটনা ঘটেনি বলে তাঁরা পাহারা কার্যক্রমকে সফল মনে করছেন।
গতকাল আলীপুর, ব্রাহ্মণবাড়ী, চন্দ্রগ্রাম, পাতন ও তিলপাড়া গ্রামের নয়জন ভোটারের সঙ্গে কথা হয়। তাঁদের মধ্যে সাতজনই পাহারা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
পাহারা কার্যক্রমসহ এলাকার সার্বিক পরিস্থিতি পুলিশের নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।
গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘বিয়ানীবাজারের বিভিন্ন ইউনিয়নে ও গ্রামে আমি একাধিক বৈঠক করেছি। মানুষের মধ্যে কোনো শঙ্কা নেই, বরং উৎসবমুখর ভাব। ভোট শান্তিপূর্ণ করতে সর্বাত্মক চেষ্টা থাকবে।’