সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট গ্রহণ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। দুই দিনে ভোট দিয়েছেন ৩ হাজার ৯২১ জন আইনজীবী।
গত বুধবার ও গতকাল দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। তবে দুপুরে এক ঘণ্টার বিরতি ছিল। গতকাল ভোট গ্রহণ শেষ হলে কিছুক্ষণ বিরতি দিয়ে রাত থেকে ভোট গণনা শুরু হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সূত্র জানায়, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগপন্থী আইনজীবীদের ফোরাম সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মধ্যে। আওয়ামীপন্থী আইনজীবীদের প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন জ্যেষ্ঠ আইনজীবী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন। বিএনপি-জামায়াতপন্থীদের প্যানেলের নেতৃত্বে আছেন জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন।