বার কাউন্সিল নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়েছে। ৭৭টি কেন্দ্রের ফলাফল পৌঁছানোর পর পদাধিকারবলে কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম একটি সময় নির্ধারণ করে ফল ঘোষণা করবেন। এই নির্বাচনে ভোটার ৪৩ হাজার ৩০২ জন আইনজীবী।
এবারের নির্বাচনে বার কাউন্সিলের ১৪টি সদস্যপদে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে সাধারণ সদস্যপদে সাতজন এবং দেশের সাতটি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে সাতজন গ্রুপ সদস্য নির্বাচিত হবেন। পরে ১৪ সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠমতে একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। প্রতি তিন বছর পর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ ও সমমনা আইনজীবীদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে বিএনপি ও সমমনা আইনজীবীদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এ ছাড়া রয়েছে আইনজীবী ঐক্যফ্রন্ট এবং আইনজীবী ঐক্য পরিষদ। এই চার প্যানেলের বাইরে কয়েকজন স্বতন্ত্র ও একক প্রার্থী হয়েছেন।
আইনজীবীরা মনে করছেন, বিএনপি-সমর্থিতরা বার কাউন্সিলের নেতৃত্ব ধরে রাখার চেষ্টা করবেন, আর আওয়ামী লীগ-সমর্থিতরা নেতৃত্ব পুনরুদ্ধারের চেষ্টা করবেন।
এই নির্বাচন হওয়ার কথা ছিল গত ২০ মে। কিন্তু ভোটার তালিকায় ত্রুটি ও একই নাম একাধিকবার থাকার অভিযোগ জানিয়ে কাউন্সিলের নির্বাচিত পাঁচ সদস্য এবং ১০১ জন আইনজীবী গত ২৯ এপ্রিল কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবকে চিঠি দেন। পরে নির্বাচন সাত দিন পিছিয়ে ২৭ মে নির্ধারণ করা হয় এবং ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ভোটার তালিকায় সংশোধনের বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যায়। আপিল বিভাগ নির্বাচনের জন্য ২৬ আগস্ট দিন ধার্য করেন। সংশোধিত ভোটার তালিকায় ভোটারসংখ্যা প্রায় ৪৮ হাজার থেকে কমে ৪৩ হাজারে দাঁড়ায়।