ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। এ ছাড়া একই ইউনিয়নের নয়টি সাধারণ ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী কেবল একজন করে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল ইসলাম জানান, সব পদে কেবল একজন করে প্রার্থী থাকায় জায়লস্কর ইউনিয়নে আর ভোট গ্রহণের প্রয়োজন হবে না। তিনি বলেন, গত বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অনেক প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ ছাড়া উপজেলার আরও কয়েকটি ইউনিয়নে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে আরও ৪১ জনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। স্থানীয় সূত্র জানায়, দাগনভূঞা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দাগনভূঞার ইয়াকুবপুর ইউপিতে সাধারণ সদস্য পদে আটজন ও সংরক্ষিত নারী সদস্য পদে তিনজন, রাজাপুরে সাধারণ সদস্য পদে আটজন ও সংরক্ষিত নারী সদস্য পদে দুজন, মাতুভূঞায় সাধারণ সদস্য পদে আটজন ও সংরক্ষিত নারী সদস্য পদে দুজন, সিন্দুরপুরে সাধারণ সদস্য পদে পাঁচজন ও সংরক্ষিত নারী সদস্য পদে দুজন, পূর্ব চন্দ্রপুরে সাধারণ সদস্য পদে একজন ও সংরক্ষিত নারী সদস্য পদে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, পঞ্চম ধাপে দাগনভূঞার ছয়টি ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।