ভোট টানতে রাস্তার উন্নয়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউপির সালিম ডোলপাড়া মসজিদের সামনে ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাস্তা নির্মাণের কাজ চলছে। ছবিটি গত বুধবার তোলা l প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউপির সালিম ডোলপাড়া মসজিদের সামনে ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাস্তা নির্মাণের কাজ চলছে। ছবিটি গত বুধবার তোলা l প্রথম আলো

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ঠিক আগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের (রাস্তা নির্মাণ) কাজ শুরু হয়েছে।
আচরণবিধি লঙ্ঘন করে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করতে এসব রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দুজন চেয়ারম্যান প্রার্থী। কাল শনিবার (২৩ এপ্রিল) এ ইউপিতে ভোট।
গত বুধবার সরেজমিন দেখা যায়, সালিম ডোলপাড়া মসজিদের সামনের রাস্তায় খোয়া ও বালু বিছানো। এ ছাড়া বড় মণ্ডলের টোলার শেষ মাথা ও মোহাম্মদপুরে নাইমুল ইসলামের দোকানের সামনে বালু ও খোয়া ফেলে রাখা হয়েছে। নাইমুল বলেন, মঙ্গলবার সন্ধ্যায় এসব মালামাল ফেলা হয়েছে। মাসনিয়াপাড়ায় দেখা যায়, একটি ছোট কালভার্ট মেরামত করা হচ্ছে।
জানতে চাইলে স্থানীয় কয়েকজন বলেন, সরকারি টাকায় উন্নয়ন হচ্ছে তাতে অসুবিধা কোথায়। এতে ভোট প্রভাবিত হওয়ার কোনো কারণ নেই। ভোটাররা মনে মনে যে প্রার্থী বেছে রেখেছেন, তাঁকেই ভোট দেবেন।
স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জোনাব আলী অভিযোগ করেন, ইউনিয়নে ২০টির মতো উন্নয়নকাজ করা হচ্ছে। এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থী এজাবুল হকের বেশ কয়েকটি অফিস রয়েছে। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে।
জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম বলেন, এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন এজাবুল হক। এ সময় মিষ্টিও বিতরণ করা হয়।
মহারাজপুর ইউপির বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সতেমান আলী। তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন না। সতেমান আলী প্রথম আলোকে বলেন, রাজস্ব খাতের বরাদ্দ থেকে ১০টি ছোট ছোট রাস্তার কাজের দরপত্র আহ্বান করা হয় তিন মাস আগে। এর কয়েকটির প্রাথমিক কাজ শুরু হয়েছে।
নৌকা প্রতীকের প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এজাবুল হক গত বুধবার বলেন, ‘আমি এ সময়ে কোনো উন্নয়নকাজের উদ্বোধন করিনি বা মিষ্টি বিতরণ করিনি। তবে এটা ঠিক যে, এলাকার বাসিন্দা হিসেবে এলাকার সাংসদের কাছে তদবির করে দীর্ঘদিন থেকেই এলাকার উন্নয়নে আমি ভূমিকা রেখে আসছি। তা ছাড়া, নির্বাচিত হই বা না হই এলাকার উন্নয়নে আমি ভূমিকা রেখেই যাব।’ অতিরিক্ত নির্বাচনী কার্যালয় সম্পর্কে তিনি বলেন, ‘আমার কোনো কোনো সমর্থক ভোটার আমাকে ভালোবেসে নিজ বাড়িতে নিজেই অফিস করেছে আমাকে না জানিয়ে। এগুলোর সঠিক সংখ্যা আমার জানা নেই। এগুলো আমি বন্ধ করে দিতে বলব। তবে আমার নিজের উদ্যোগে তিনটি অফিস খোলা হয়েছে।’
এ বিষয়ে বুধবার উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সরকারি অর্থে উন্নয়নকাজ চলতে বাধা নেই।