ভোট ডাকাতি রোধের সব কৌশলই ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দে ভোট ডাকাতি রোধে প্রশাসনের সব কৌশলই ব্যর্থ হয়েছে৷ ব্যাপক ভোট ডাকাতি, জাল ভোট, প্রতিপক্ষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে একতরফা নির্বাচন করেছে আওয়ামী লীগ৷
বর্তমান চেয়ারম্যান ও সিপিবি-সমর্থিত প্রার্থী এস এম শহীদুল্লাহ সবুজ ও বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল আজিজ সরকার ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ করেছেন বলে উল্লেখ করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন৷
কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটের আগের রাতে জোর করে ব্যালট পেপারে সিল মারা হতে পারে, এ আশঙ্কায় অন্যান্য নির্বাচনী সামগ্রী কেন্দ্রে পাঠানো হলেও সিল পাঠানো হয়নি৷ সকাল সাতটার মধ্যে নির্বাহী হাকিমরা প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে সিল পৌঁছে দেন৷

সকাল আটটায় ভোট শুরু হওয়ার পর বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল মতিন চৌধুরীর ছাড়া অন্য প্রার্থীর তেমন কোনো এজেন্টকে দেখা যায়নি৷
বাজার ভদ্রঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নান্দিনা কামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বল্প মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলাম নগর দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা, পাইকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়কুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামতৈল সরকারি মডেল স্কুল, জামতৈল সরকারি প্রাথমিক মডেল বিদ্যালয়, কামারখন্দ সিনিয়র ফাজিল মাদ্রাসা, জেডিপি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে একই চিত্র দেখা যায়৷

সকাল সাড়ে নয়টায় জামতৈল সরকারি মডেল স্কুলে কেন্দ্রে মতিন চৌধুরীর কর্মীরা জোর করে ব্যালটে সিল মারার চেষ্টা করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এক এজেন্ট চ্যালেঞ্জ করেন৷ ওই এজেন্টকে পোলিং বুথ থেকে বের করে দেওয়ায় সেখানে উত্তেজনা দেখা দেয়৷ রিটার্নিং কর্মকর্তাসহ কয়েকজন হাকিম সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ তাঁরা চলে যাওয়ার পর ওই এজেন্টের ওপর আবারও চড়াও হন মতিনের লোকজন৷ সেখানকার দুটি কেন্দ্রের ১৩টি বুথেই ব্যালটে সিল মারতে থাকেন তাঁরা৷ ৭ নম্বর বুথে এ প্রতিবেদক উপস্থিত হলে ব্যালট রেখেই তাঁরা চলে যান৷ এ সময় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বলেন, তাঁর কাছ থেকে জোর করে ব্যালট নিয়ে সিল মারছিলেন ওই সব তরুণ৷

কিছুক্ষণ পর রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এসে বিপুলসংখ্যক সিল মারা ব্যালট জব্দ করেন৷ ওই সময় আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে৷ জাল ভোট দেওয়ার দায়ে সেখানে একজনকে ছয় মাসের সাজা দেওয়া হয়৷
দুপুর সাড়ে ১২টার দিকে কুটিরচরে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোর করে ব্যালটে সিল মারার সময় দুজনকে আটক করেন নির্বাহী হাকিম মোহাম্মদ হাসিব সরকার৷ এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর ওপর চড়াও হন৷ এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ওই কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল আজিজ সরকারের ভাই আইনজীবী রফিক সরকারকে মারধর করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা৷
বেলা দুইটায় বাজার ভদ্রঘাট কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবদুল বাকী মিয়ার কাছে সিল মারা বেশ কিছু ব্যালট পান নির্বাহী হাকিম৷ বাকী মিয়া জানান, তাঁর কাছ থেকে জোর করে ব্যালট নিয়ে তাতে সিল মারছিলেন একদল তরুণ৷ ম্যাজিস্ট্রেট আসার খবরে ওই সব ব্যালট রেখে তাঁরা চলে যান৷