ভোট ডাকাতির পুনরাবৃত্তি ঘটিয়েছে আজ্ঞাবহ কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী বলেছে, ৫ জানুয়ারির ভোটারবিহীন সংসদ নির্বাচন, উপজেলা এবং ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটিয়েছে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন। গতকাল বুধবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, প্রশাসন ও নির্বাচন কমিশন সরকারি দলের প্রার্থীদের অবৈধভাবে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। গত রাত (মঙ্গলবার) থেকেই বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহযোগিতায় সরকারি দলের লোকেরা ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢুকিয়েছে। পরে জাল ভোট দিয়েছে, বিরোধী দলের ও স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে। বিরোধী দলের নেতা-কর্মী, স্বতন্ত্র প্রার্থী ও তাঁদের সমর্থকদের ভোটকেন্দ্র থেকে গ্রেপ্তারও করা হয়েছে।
বিবৃতিতে ২৫টি পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি, জাল ভোট, কেন্দ্র দখলের অভিযোগ করে সেসব কেন্দ্রে আবার নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়। এসব পৌরসভায় জামায়াতের (স্বতন্ত্র) মেয়র প্রার্থী ছিলেন।