চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে পন্থিছিলা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় বিএনপির মেয়র পদপ্রার্থী সৈয়দ আবুল মনসুরের ওপর হামলা হয়েছে। দলের নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনপির মেয়র পদপ্রার্থী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিতে গেলে সন্ত্রাসীরা তাঁকে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়। সৈয়দ আবুল মনসুর অভিযোগ করেন, সকাল পৌনে নয়টার দিকে পন্থিছিলা কেন্দ্রে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হকিস্টিক দিয়ে তাঁকে মারধর করেন এবং তাঁর ব্যক্তিগত গাড়িতে হামলা চালান। বিষয়টি তিনি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন।
সীতাকুণ্ড স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক জাহেদ সরওয়ার্দি বলেন, লাঠির আঘাতের কারণে সৈয়দ আবুল মনসুরের শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে।
তবে বিএনপির প্রার্থীর ওপর হামলা হয়েছে, এমন ঘটনা শোনেননি বলে জানান সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন। তিনি বলেন, বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও নীতিকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। তাঁরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। কোথাও কোনো কেন্দ্র দখলের ঘটনা ঘটেনি। বিকেল চারটা পর্যন্ত ভোটাররা ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন।
ভোট গ্রহণে বাধা দেওয়া, প্রার্থীর ওপর হামলাসহ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার পরই ভোট গ্রহণ শেষ। রিটার্নিং কর্মকর্তাকে ভোট গ্রহণ বাতিলের আবেদন করেছি।’
বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও জালভোট দেওয়ার সময় মো. শামীম, মো. সোহেল, নাজিম উদ্দিন, জামশেদ উদ্দিন, মো. রুবেল ও জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম। এ ছাড়া সীতাকুণ্ড বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে হট্টগোল শুরু হয়। তখন অন্তত ১০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল।
সীতাকুণ্ড বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে হোসনে আরা নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধা অভিযোগ করেন, মেয়র প্রার্থীদের ভোট হয়ে গেছে বলে তাঁকে ব্যালট দেয়নি। শুধু কাউন্সিলর প্রার্থীদের ব্যালট দেওয়া হয়েছে। তবে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সুশান্ত সাহা বলেন, এ বিষয়ে কেউ তাঁকে অভিযোগ করেননি।
বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৬ নম্বর বুথের ২৮টি ব্যালট নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফেরদৌস হাসান ঘটনাটি স্বীকার করলেও পরে এসব ব্যালট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সীতাকুণ্ড উচ্চবিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের বলেন, যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেখানে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জামায়াত-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাওহীদুল হক চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র থেকে সকালেই তাঁদের এজেন্টদের বের করে দেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থীর নেতা-কর্মীরা। একই অভিযোগ করেছেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ফজিলাতুন্নেছা হোসনা।
তবে রিটার্নিং কর্মকর্তা ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভূইয়া বলেন, কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভালো ছিল।