ভোট দিতে না পারার আশঙ্কায় ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর পৌরসভায় চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। ভোটের হিসাব-নিকাশ নিয়ে পাড়া-মহল্লা সরগরম হয়ে উঠেছে। তবে চায়ের দোকান, আড্ডা থেকে শুরু করে সব জায়গায় সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন ভোটাররা।
পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার একটি চায়ের দোকানে নির্বাচন নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যে চা বিক্রেতা আবদুল বারেক বলেন, ‘সংসদ নির্বাচনে তো ভোট দেওন লাগে নাই, এমনেই নির্বাচন হইয়্যা গেছে। আবার উপজেলা নির্বাচনেও অনেক মারামারি হইছে। এইবার কি আমরা ভোট দিবার পারমু?’
শ্রীপুর বাজারের ওষুধ ব্যবসায়ী মো. জসিম উদ্দিন বলেন, ‘আমার ভোট আমি দিতে চাই। কিন্তু ভোটকেন্দ্রে গিয়ে যদি দেখি কেউ আমার ভোট দিয়ে দিয়েছে, সেটি হবে খুবই দুঃখজনক।’
স্থানীয় স্কুলশিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, শ্রীপুর আওয়ামী লীগ এবার বিভক্ত হয়ে পড়েছে। এ সুযোগে বিএনপির প্রার্থীর অবস্থান ভালো হচ্ছে। তাই সুষ্ঠু ভোট গ্রহণ ও ফল প্রকাশ নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার শ্রীপুর পৌরসভার চাপিলাপাড়া এলাকায় বিএনপির মেয়র প্রার্থী শহীদুল্লাহ শহিদের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো। এ রকম পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত। যদি এর ব্যত্যয় ঘটে, তা হলে জনগণই তার জবাব দেবেন।
আওয়ামী লীগের প্রার্থী আনিছুর রহমান বলেন, এখন পর্যন্ত প্রচার-প্রচারণায় কেউ কারও কর্মীদের বাধাগ্রস্ত করেননি। একেবারে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কোনো দলীয় প্রভাবও নেই। তাই নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভা নির্বাচনের মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল্লাহ শহিদ, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আহসান উল্লাহ ও জাসদের প্রার্থী আবুল কাশেম।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, নির্বাচনের পরিবেশ ভালো রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভ্রাম্যমাণ দল মাঠে কাজ করছে।