ভোট দিতে মুখিয়ে আছেন সিলেটের ভোটাররা
সিলেটের তিন পৌরসভার মেয়র প্রার্থীরা গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত বাসায় বসেই ভোটের দিনের পরিকল্পনা সেরে নিয়েছেন। বাসায় বসে তাঁরা কর্মী-সমর্থকদের করণীয় নির্ধারণ করে দিয়েছেন। এ ছাড়া মুঠোফোনে তাঁরা বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। প্রার্থীদের পাশাপাশি তিন পৌরসভার ভোটাররাও শেষ মুহূর্তের বিচার-বিশ্লেষণ শেষ করেছেন। তিন পৌরসভায় অবস্থা এখন এমন যে ভোট দিতে মুখিয়ে আছেন ভোটাররা।
স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে হিসাব-নিকাশ: সিলেটের তিন পৌরসভার মধ্যে শুধু কানাইঘাটে মেয়র পদে প্রার্থী দিয়েছে জামায়াত। মেয়র পদে আটজন নির্বাচন করছেন। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের ছাপিয়ে এখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা জামায়াতের রুকন মোহাম্মদ ওলিউল্লাহ।
গতকাল পৌর শহরের ১২ জন ভোটারের সঙ্গে কথা হয়। তাঁদের বিশ্লেষণ অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র লুৎফুর রহমান (নৌকা) কিছুটা বেকায়দায় রয়েছেন তাঁর দলের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. নিজাম উদ্দিন (নারকেলগাছ) ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায়। তাঁদের দুজনের মধ্যে দলের ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে মোহাম্মদ ওলিউল্লাহ কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। এ ছাড়া বিএনপির প্রার্থী মো. আবদুর রহিম (ধানের শীষ), জাতীয় পার্টির বাবুল আহমদ (লাঙ্গল), জাসদের তাজ উদ্দিন (মশাল), বাংলাদেশ খেলাফত মজলিসের মো. ইসলাম উদ্দিন (রিকশা) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. সুহেল আমীনও (জগ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কানাইঘাটের উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, পৌরসভার মোট ভোটার ১৬ হাজার ২৮৭ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৩১১ জন ও নারী ৭ হাজার ৯৭৬ জন। পৌরসভার নয়টি ওয়ার্ডের নয়টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস: জকিগঞ্জে ত্রিমুখী লড়াইয়ের আভাস দিয়েছেন ভোটাররা। অন্তত ২৫ জন ভোটার মনে করেন, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের মো. খলিল উদ্দিন (নৌকা), বিএনপির মো. বদরুল হক (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী মো. হিফজুর রহমানের (মোবাইল ফোন) মধ্যে। এর বাইরে জাতীয় পার্টির মনোনীত বর্তমান মেয়র মো. আবদুল মালেক ফারুক (লাঙ্গল) ও আওয়ামী লীগের বিদ্রোহী ফারুক আহমদ (জগ) প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন। এ ছাড়া খেলাফত মজলিসের মো. জাফরুল ইসলামও (দেয়াল ঘড়ি) প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
জকিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আল আমিন বলেন, জকিগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ৪০৭ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ১৩৬ জন ও নারী ৫ হাজার ২৭১ জন। পৌরসভার নয়টি ওয়ার্ডের নয়টি কেন্দ্রের ৩৩টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।
ধারাবাহিকতা না পরিবর্তন? গতকাল কথা হয় গোলাপগঞ্জ পৌরসভার অন্তত ২৫ জন ভোটারের সঙ্গে। তাঁদের প্রায় অর্ধেকের ভাষ্য, গোলাপগঞ্জে ‘পরিবর্তন’-এর আওয়াজ জোরেশোরে উঠেছে। এতে করে বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী জাকারিয়া আহমদ ওরফে পাপলু অনেকটা বিপাকে পড়েছেন। তবে বাকি অর্ধেকের মন্তব্য, ‘উন্নয়নের ধারাবাহিকতা’ বজায় রাখতে শেষ পর্যন্ত ভোটাররা বর্তমান মেয়রকেই বেছে নেবেন।
ভোটাররা বলেন, গোলাপগঞ্জে আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের জাকারিয়া আহমদ (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী (মোবাইল ফোন) ও স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান ওরফে লিপন (খেজুরগাছ)। এ ছাড়া বিএনপির গোলাম কিবরিয়া চৌধুরী ওরফে শাহীনের (ধানের শীষ) পাশাপাশি আমিনুল ইসলাম ওরফে রাবেলও (জগ) মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন বলে কয়েকজন ভোটার জানিয়েছেন। এর বাইরে এই পৌরসভায় জাতীয় পার্টির মো. সুহেদ আহমদ (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামও (ঘড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর এলাকার টিকরবাড়ি এলাকার বাসিন্দা উনু মিয়া (৪৫) বলেন, ‘যোগ্য ব্যক্তিকেই ভোট দিয়ে মেয়র পদে নির্বাচিত করার জন্য ভোটাররা মুখিয়ে আছেন।’
গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৭৩৫ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৯৩৯ ও নারী ৯ হাজার ৭৯৬ জন।
সিলেট জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন, তিন পৌরসভায় মেয়র পদে ২১ জন, কাউন্সিলর পদে ১১৯ জন ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে তিন পৌর এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।