ঢাকার সাভার ও ধামরাই পৌরসভা নির্বাচনে ব্যাপক জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ তুলেছেন বিএনপির মেয়র পদপ্রার্থীরা। গতকাল বুধবার ধামরাইয়ে ভোট চলাকালে একটি কেন্দ্রে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় একজন কাউন্সিলর পদপ্রার্থীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
সকাল আটটা থেকে সাভারের ৮০টি ও ধামরাইয়ের ২০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। সাভারের বিভিন্ন কেন্দ্রে বহিরাগতরা ভোট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক কেন্দ্রে বিএনপিরসহ অন্য মেয়র প্রার্থীদের কোনো এজেন্ট ছিলেন না।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে ধামরাইয়ের ইসলামপুর কেন্দ্রে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শিশির ফেরদৌস ও নুরুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ব্যালট ছিনিয়ে নিয়ে বাইরে ফেলে দেওয়া হয়। এ ছাড়া ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম ভাঙচুর করা হয়। এ ঘটনায় বেলা সোয়া তিনটা পর্যন্ত কেন্দ্রটিতে ভোট গ্রহণ বন্ধ ছিল।
পুলিশ সেখান থেকে কাউন্সিলর পদপ্রার্থী শিশির ফেরদৌস, তাঁর ভাই তুষার ফেরদৌস এবং মানসুর ও ওভি নামের আরও দুজনকে আটক করে।
নুরুল ইসলাম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, শিশির ফেরদৌস তাঁর কর্মীদের নিয়ে কেন্দ্রে ঢুকে ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারতে থাকেন। এ সময় তাঁর কর্মী ও সমর্থকেরা বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ হয়।
কেন্দ্রে দায়িত্বে থাকা ঢাকা জেলার নির্বাহী হাকিম লীজা খাজা বলেন, কেন্দ্রে অনুপ্রবেশসহ সংঘর্ষের ঘটনায় কাউন্সিলর পদপ্রার্থীসহ আটক চারজনের বিরুদ্ধে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বেলা একটার দিকে ধামরাইয়ের তালতলার জ্যোতির্বিদ্যা নিকেতন কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ও কাউন্সিলর পদপ্রার্থীদের ব্যালট পেপার নিয়ে প্রকাশ্যে সিল মেরে ব্যালট বাক্সে ফেলতে দেখা যায়। জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল জব্বার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
বেলা ১১টার দিকে ধামরাই সরকারি কলেজ কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী গোলাম কবিরের পক্ষে সিল মারার সময় বিএনপির মেয়র পদপ্রার্থী নাজিম উদ্দিনের এজেন্ট ও তাঁর ছেলে দেওয়ান মোহসিন হাসান বাধা দেন। এ সময় আওয়ামী লীগের লোকজন মোহসিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আরও কয়েকটি কেন্দ্রে দুপুরের মধ্যেই মেয়র পদপ্রার্থীর ব্যালট প্রায় শেষ হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। যদিও এসব কেন্দ্রে সকাল থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত ভোটারদের উপস্থিতি ছিল খুব কম। এ বিষয়ে ধামরাই সরকারি কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হজরত আলীসহ সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা সদুত্তর দিতে পারেননি।
ধামরাইয়ে বিএনপির প্রার্থী দেওয়ান নাজিম বলেন, বেলা ১১টার মধ্যেই আওয়ামী লীগের প্রার্থী গোলাম কবিরের লোকজন কেন্দ্র দখল করে নেন। তাঁরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সিল মারেন। এ কারণে তিনি পুনরায় ভোট গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করেছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কবির বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কেন্দ্র দখল ও কেন্দ্রের ভেতরে এজেন্টদের সিল মারার অভিযোগ সত্য নয়।
এদিকে সাভার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন। অথচ অধিকাংশ কেন্দ্রেই বিএনপির প্রার্থীসহ অন্য প্রার্থীদের কোনো এজেন্ট পাওয়া যায়নি। তবে আওয়ামী লীগের প্রার্থীর এজেন্ট ছিলেন সব কেন্দ্রেই।
বিএনপির প্রার্থী বদিউজ্জামান অভিযোগ করেন, প্রতিটি কেন্দ্রেই ব্যাপক জাল ভোট পড়েছে। ২২টি কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে তিনি এজেন্ট দিতেই পারেননি। স্থানীয় বিএনপির নেতা-কর্মীদেরও ভোট প্রদানের জন্য কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। তিনি বলেন, আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানা থেকে কয়েক হাজার শ্রমিক গতকাল সাভারে আনা হয়। এই শ্রমিকেরা জাল ভোট দেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, জাল ভোটসহ বহিরাগতদের ভোটে অংশ নেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ছাড়া কোথাও কোনো সংঘর্ষের ঘটনাও ঘটেনি।