ভোট দেওয়ার মতো পরিবেশ চায় মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে আশঙ্কা রয়েছে পঞ্চগড় পৌরসভার ভোটার, বিএনপির প্রার্থী ও তাঁর সমর্থকদের মনে। অনেক ভোটারই মনে করেন, এবারের পৌরসভা নির্বাচন হবে ৫ জানুয়ারির মতো। পৌরসভার কয়েকজন ভোটার ও সমর্থকদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
পৌরসভার রৌশনাবাগ এলাকার চাল ব্যবসায়ী কবীর শামসুল আলম বলেন, ‘এই প্রথমবারের মতো দলীয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। ৫ জানুয়ারির মতো নির্বাচন চাই না।’ ইসলামবাগ এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক হাসনা বানু বলেন, ‘ভোট নিয়ে অনেক কথা শুনছি। ভোট নাকি ডিসি অফিসে গণনা হবে। এমন হলে ভোট দিয়ে লাভ কী?’ বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী রাকিবুল হাসান বলেন, ‘আমরা আশা করি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারব। রাজনৈতিক দলের পরিচয়ে ভোট হলেও প্রার্থীর যোগ্যতা, দক্ষতা আর সততা বিবেচনা করেই ভোট দেব। তবে ভোটের নিশ্চয়তা চাই।’
পাটোয়ারীপাড়ার ভেন্ডার শফিকুর রহমান বলেন, ‘অনেক দিন পর ভোট হচ্ছে। এর আগে ৫ জানুয়ারির ভোট হইছে। কিন্তু এবারই প্রথম দলীয়ভাবে ভোট হচ্ছে। কিন্তু প্রতীক না, ব্যক্তিই আসল। প্রার্থী দেখে ভোট দিতে চাই। সাধারণ মানুষ যেন ভোট দিতে পারে—এমন পরিবেশ চাই।’
চিনিকল এলাকার বৈদ্যুতিক মিস্ত্রি আবদুর রাজ্জাক বলেন, ‘দেখেশুনে ভোট দিতে চাই। আশা করি সরকার নিরপেক্ষভাবে নির্বাচনটা করবে।’ তিনি আরও বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন হলে এখানে সরকারি দলের প্রার্থী জিতবে বলে মনে হয় না।’
জেলা বিএনপির সাবেক সহসভাপতি প্রবীণ রাজনীতিবিদ মেহের আলী বলেন, ‘ভোটকেন্দ্র দখল, ডিসি অফিসে ভোট গণনা—এ রকম প্রচারণা শুনছি। কে হারল কে জিতল, এটা বড় নয়। সুষ্ঠু নির্বাচন দরকার। সুষ্ঠু নির্বাচন হলে সরকারের ভাবমূর্তি বাড়বে। আর ৫ জানুয়ারির মতো নির্বাচন হলে সরকারের যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, সেটা ফিরে আসবে।’
বিএনপির বর্তমান মেয়র তৌহিদুল ইসলাম বলেন, ‘সরকারদলীয় প্রার্থী, সমর্থকেরা নানাভাবে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’
তবে আওয়ামী লীগের প্রার্থী জাকিয়া খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার দলের নেতা-কর্মী, সমর্থকেরা আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছেন।’
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম বলেন, ‘গুজবে কান দেবেন না। ডিসি অফিসে ভোট গণনার গুজব মূর্খ লোকের কথা। এমন কথা জীবনে প্রথম শুনলাম। ভোটকেন্দ্রেই ভোট গণনা হবে।’