ভোট নেওয়া হবে ডা. খাস্তগীর স্কুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার নির্বাচনে ভোট গ্রহণের জন্য ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়কে কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে নির্বাচন কমিশন। ২২ ডিসেম্বর চট্টগ্রামে এই নির্বাচন হওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. শামসুল আরেফিন প্রথম আলোকে বলেন, বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচনে ভোট গ্রহণের জন্য ডা. খাস্তগীর স্কুল বেছে নেওয়া হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষকে কেন্দ্রের নাম জানিয়ে দেওয়া হয়েছে। দুই পক্ষ এতে সম্মতিও দিয়েছে।
পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) দুটি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং অন্য প্যানেলকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সমর্থন দিয়েছেন।
মহিউদ্দিন চৌধুরী-সমর্থিত নাসির উদ্দিন মাহমুদ-আ ম ম মিনহাজুর রহমান প্যানেল ভোটকেন্দ্র হিসেবে নগরের জিইসি মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, জিইসি কনভেনশন সেন্টার ও নাসিরাবাদ বয়েজ হাইস্কুলের নাম প্রস্তাব করে। আর মেয়র নাছির উদ্দীন-সমর্থিত মুজিবুল হক খান-ফয়সল ইকবাল চৌধুরী প্যানেল চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তন, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রাথমিক বিদ্যালয় ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নাম প্রস্তাব করে। শেষ পর্যন্ত চট্টগ্রাম জেলা ও পুলিশ প্রশাসন নিরপেক্ষ স্থান হিসেবে খাস্তগীর স্কুলকে বেছে নেয়।
মেয়র আ জ ম নাসির উদ্দীন-সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী ফয়সল ইকবাল চৌধুরী বলেন, খাস্তগীর স্কুলকে কেন্দ্র করার জন্য নির্বাচন কমিশন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে।
মহিউদ্দিন চৌধুরী-সমর্থিত প্যানেলের আ ম ম মিনহাজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রশাসন খাস্তগীর স্কুলের নাম মৌখিকভাবে জানিয়েছে। সাধারণ ভোটাররা যেন স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন।