ভোট পক্ষে আনতে রাস্তা পাকাকরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী সদস্য পদপ্রার্থী বাদশা মিয়া ভোট পক্ষে আনতে রাস্তা পাকা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বাদশার প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২৩ এপ্রিল ধুনট উপজেলার ১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মথুরাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাদশা মিয়া নলকূপ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। গত নির্বাচনে বাদশা মিয়া প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। এ কারণে তিনি এবার ভোটারদের মন পেতে ওয়ার্ডের সাগাটিয়া গ্রামের মধ্যে দিয়ে যাওয়া ২০০ মিটার দীর্ঘ কাঁচা রাস্তাটি গত সপ্তাহে ইট বিছিয়ে পাকা করে দেন। এ ঘটনায় ওই ওয়ার্ডের বাবর আলী নামের আরেক সদস্য পদপ্রার্থী ১৭ এপ্রিল উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আলমের কাছে লিখিত অভিযোগ দেন।
বাদশা মিয়া বলেন, ‘গত নির্বাচনে ওই রাস্তার পাশের বসতবাড়ির মানুষ আমাকে ভোট দেন। এ কারণে নির্বাচিত প্রার্থী রাস্তাটি মেরামত করেননি। তাই এবার গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম ও অর্থে রাস্তাটি পাকা করা হয়েছে। আমি নির্বাচন উপলক্ষে কোনো টাকা-পয়সা দিয়ে ইট বিছানোর কাজে সহযোগিতা করিনি। অন্য প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন।’
রিটার্নিং কর্মকর্তা নুরুল আলম বলেন, অভিযোগ তদন্তের জন্য থানা-পুলিশের কাছে পাঠানো হয়েছে।