ভোট পুনর্গণনার দাবি আ.লীগ প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ফলাফল জালিয়াতির অভিযোগ করেছেন নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আনিছুর রহমান। তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে পুনরায় ভোট গণনার আবেদন জানিয়েছেন।

আনিছুর রহমান অভিযোগ করেন, ওই ইউপির ভোটের দায়িত্ব পালনকারীরা (প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা) অর্থের বিনিময়ে যোগসাজশ করে স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ চৌধুরীকে (চশমা) জিতিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘ভোট গ্রহণ শেষে তাঁরা কেন্দ্রে ভোট গণনা ও ফলাফল ঘোষণা না করে ব্যালট বাক্স নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। তাঁরা আমার ফলাফল চুরি করে স্বতন্ত্র প্রার্থীকে জিতিয়ে দিয়েছেন।’ সব কেন্দ্রের ভোট পুনর্গণনা করা হলে আসল চিত্র বেরিয়ে আসবে বলে দাবি করেন তিনি।

আনিছুর রহমান বলেন, ‘আমি ভোট পুনর্গণনার দাবি জানিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল প্রথম আলোকে বলেন, ‘অভিযোগকারী ঢালাওভাবে অভিযোগ করেছেন। তাঁর আবেদন বিবেচনার জন্য আমি জেলা কর্মকর্তার কার্যালয়ে পাঠাব।’

কচুকাটা ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ চৌধুরী চশমা প্রতীকে ৫ হাজার ৫৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী সহিদুল ইসলাম আনারস প্রতীকে ৪ হাজার ৬৩০, বিএনপির প্রার্থী আবু তাহের ১ হাজার ৯৬৮, আওয়ামী লীগের প্রার্থী আনিছুর রহমান ১ হাজার ৭৩০, স্বতন্ত্র প্রার্থী বেলাল উদ্দীন টেলিফোন প্রতীকে ৯৫৫ ও জাতীয় পার্টির ফজলুল করিম ১০৫ ভোট পান।