ভোট বর্জন গুলিবর্ষণের মধ্য দিয়ে ভোট গ্রহণ
কেন্দ্র দখল করে সিল মারার চেষ্টা, পুলিশের গুলিবর্ষণ ও একটি ইউনিয়নে সকালেই বিএনপি প্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার ১৩টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় দফার এই নির্বাচনে ভূঞাপুরের ছয়টি ইউনিয়নে আওয়ামী লীগের নয়জন এবং গোপালপুরে সাতটি ইউনিয়নের মধ্যে চারটিতে আটজন বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। তাই প্রভাব ও আধিপত্য বিস্তারে ওই সব ইউনিয়নের কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মহড়া দেখা যায়। বিএনপির প্রার্থীদের তৎপরতা তেমন ছিল না।
দুপুর দেড়টার দিকে গোপালপুরের নারুচি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ১৫-২০ জন পেছন দিয়ে কেন্দ্রে ঢুকে পড়ে। তারা ব্যালট পেপার ছিনতাই করে সিল মারার চেষ্টা করে। ভূঞাপুরের অলোয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ওয়াহিদুজ্জামান পলাশ এবং আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা দুপুর আড়াইটার দিকে ভারই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে নেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভ্রাম্যমাণ দল সেখানে উপস্থিত হয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির জানান, আটক ব্যক্তিদের ভূঞাপুর থানায় রাখা হয়েছে।
গোপালপুরের মির্জাপুর ইউনিয়নে বেলা ১১টার দিকেই ভোট বর্জন করেন বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান জসিম। ভোটগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে তাঁর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ আনেন তিনি।