ভোট বর্জনের সঙ্গে রাজনীতিও ছাড়ার ঘোষণা মনজুরের
ভোট বর্জনের সঙ্গে রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মোহাম্মদ মনজুর আলম। বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হওয়ার সোয়া তিন ঘণ্টা পরই তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। একই সঙ্গে আর রাজনীতি না করারও কথাও জানান।
উত্তর কাট্টলীর নিজ বাড়ির পাশে হাজি দাউদ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল সকাল নয়টা ৩৮ মিনিটে ভোট দেন মনজুর আলম। কেন্দ্র থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘এই কেন্দ্রে সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে ইতিমধ্যে কয়েকটি কেন্দ্র দখল হয়ে গেছে। ২৪ নম্বর ওয়ার্ড আগ্রাবাদ, পাহাড়তলীতে দখল হয়েছে। অনেক পোলিং এজেন্ট আমাকে ফোন করে জানিয়েছে, বাধার কারণে তারা কেন্দ্রে ঢুকতে পারছে না। অনেককে বের করে দেওয়া হয়েছে।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পৌনে দুই ঘণ্টা পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডাকেন মনজুর আলম। দেওয়ানহাটে নিজ নির্বাচনী কার্যালয়ে বসে বেলা সোয়া ১১টায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন এই মেয়র প্রার্থী। একই সঙ্গে রাজনীতি ছেড়ে দেওয়ারও ঘোষণা দেন চট্টগ্রামের সদ্য বিদায়ী এই মেয়র। পর পর তিনবার নির্বাচিত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে ২০১০ সালের নির্বাচনে বিপুল ভোটে পরাজিত করেছিলেন তিনি।
নির্বাচন বর্জনের বিষয়ে মনজুর আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচন চেয়েছি। এই বিশৃঙ্খলার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই না। আমি প্রত্যাহার করে নিলাম। রাজনীতি থেকেও গুটিয়ে নিলাম। এটাই আমার শেষ ইলেকশন। সমাজসেবা করার জন্য রাজনীতিতে এসেছিলাম। কোনো রাজনীতি করব না। রাজনীতি না করলেও আমার সমাজসেবা অব্যাহত থাকবে।’
নির্বাচন বর্জনের ঘোষণার সময় মনজুর আলমের সঙ্গে তাঁর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, প্রধান নির্বাচনী এজেন্ট ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। তাঁরা মনজুরের নির্বাচন বর্জনের ব্যাখ্যা দেন সাংবাদিকদের কাছে।
আমীর খসরু অভিযোগ করেন, নির্বাচন কমিশনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীরা একযোগে বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছে। তারাই ফলাফল ঘোষণা করবে। তারাই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করবে। পুলিশ এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিয়েছে। যারা কেন্দ্রে ঢুকেছে, তাদেরও বের করে দিয়েছে। তাঁর দাবি, অনিয়মের পরও পুলিশ, র্যাব, বিজিবি নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ৮০ শতাংশ ভোটকেন্দ্র দখল করা হয়েছে। সে কারণে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির এই নেতা জানান, প্রতিবাদ হিসেবে তিনি ভোট দেননি। এ ছাড়া পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের আহত হওয়ার বিষয়টি সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি।
আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেন, হাজার হাজার বহিরাগত এসে ভোটকেন্দ্র দখল করেছে। অস্ত্রের মুখে নিরস্ত্র ভোটাররা দাঁড়াতে পারেননি। তিনি বলেন, ‘আমাদের পোলিং এজেন্টরা যে যেদিকে পেরেছে পালাচ্ছে। এটা কারচুপি না। দখল।’