ভোট শুরু হওয়ার আগেই কেন্দ্র দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট গ্রহণ শুরু হওয়ার কথা সকাল আটটা থেকে। কিন্তু তার দুই ঘণ্টা আগেই চন্দনাইশের দুটি কেন্দ্র দখল করেন নৌকা প্রতীকের মো. মাহাবুবুল আলমের পক্ষের লোকজন। এলডিপি প্রার্থী মো. আইয়ুবের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দুই কেন্দ্রের ভোট গ্রহণ সকাল সাড়ে আটটায় স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। কেন্দ্র দুটি হলো গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল উচ্চবিদ্যালয় এবং আলফাতুন চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা।
এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের বলেন, ‘১৩টি কেন্দ্র নৌকার লোকজন সকালে দখল করলেও রিটার্নিং কর্মকর্তা মাত্র তিনটি কেন্দ্র স্থগিত করেছেন। আমরা ওই ১০টি কেন্দ্রের ভোট বাতিল করার দাবি জানাচ্ছি।’
অলি আহমদের বাড়ির আশপাশে তিনটি কেন্দ্র। এসব কেন্দ্রে এলডিপি প্রার্থীর নিয়ন্ত্রণ ছিল। তিনটি কেন্দ্রে কিছু জাল ভোট এলডিপি সমর্থকেরা দিয়েছে বলে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়।
দক্ষিণ-পূর্ব জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা দেড়টার দিকে বিভিন্ন বুথ ঘুরে দেখা যায়, মেয়র পদের ব্যালট শেষ হয়ে গেছে। কাউন্সিলর পদের ব্যালট রয়েছে। ৭ নম্বর বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রুনা আক্তার বলেন, জোরপূর্বক এসে এক প্রার্থীর পক্ষের লোকজন ভোট দিয়ে গেছে। তাই শেষ হয়ে গেছে।
হারালা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বেলা পৌনে দুইটায় শার্টের পকেটে নৌকা প্রতীক লাগানো বিপুলসংখ্যক লোক। কেন্দ্রে ঢুকতে চাইলে এক পুলিশ কর্মকর্তা নাম-পরিচয় জানতে চান। তারপর বলেন, বেশি সময় নিয়েন না। তাড়াতাড়ি চলে যান। কেন জিজ্ঞাসা করতেই বললেন, এত কিছু জানানো যাবে না। ঢোকার পর কেন্দ্রের বিভিন্ন বুথেও নৌকা প্রতীকের লোকজনের ভিড়।
কেন্দ্রের ২ নম্বর বুথে কোনো ব্যালট দেখা যায়নি। বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, ভোটার নেই বলে ব্যালট সরিয়ে ফেলা হয়েছে।
তবে প্রিসাইডিং কর্মকর্তা আবু কাউছার বলেন, এখানে কোনো সমস্যা হয়নি। জোরপূর্বক ভোটও কেউ দেয়নি।
তখন তাঁর পাশে বসা ছিলেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ নেতা খালেদা আক্তারসহ দুই নেতা। আর কেন্দ্রের মাঠে পাওয়া যায় প্রার্থী মাহাবুবুল আলম ও তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলামকে।
অভিযোগ প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, কোনো কেন্দ্রে গন্ডগোল হয়নি।
রিটার্নিং কর্মকর্তা সনজীদা শরমিন বলেন, ‘এলডিপির অভিযোগ পেয়ে তিনটি কেন্দ্রের ভোট স্থগিত করেছি। ভোট শুরু হওয়ার আগেই দুটিতে জোরপূর্বক ভোট দিচ্ছিল। আর সকাল সাড়ে নয়টায় উত্তর গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির ভোট স্থগিত করা হয়।’